এটা তো স্নাইডারেরই মঞ্চ

ফর্ম হারিয়ে খুঁজে ফিরছিলেন নিজেকে। ক্লাব বদলে চলে গিয়েছিলেন দৃষ্টির আড়ালে। মুটিয়ে যাওয়া শরীরটাও চোখ রাঙাচ্ছিল আবার স্বরূপে ফেরার বিষয়ে। সব মিলিয়ে বছর খানেক আগে ওয়েসলি স্নাইডার নিজেও হয়তো কল্পনা করতে পারেননি খেলতে পারবেন আরেকটি বিশ্বকাপে। কিন্তু ভাগ্য তাঁকে শুধু বিশ্বকাপে নিয়েই আসেনি, পরিচিত মঞ্চে ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে স্নাইডার নামক ফুলও!
গ্রুপপর্বের তিন ম্যাচে অবশ্য গড়পড়তা মানের ছিলেন। তবে মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই স্নাইডার বুঝিয়ে দিয়েছেন তিনি বড় ম্যাচের খেলোয়াড়। নকআউটপর্বই তাঁর আসল মঞ্চ! তিনি যে বড় মঞ্চের খেলোয়াড়, তার বড় প্রমাণটা স্নাইডার দিয়েছেন জাতীয় দলের হয়ে বড় মঞ্চেই। ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ মিলিয়ে হল্যান্ডের ১১ ম্যাচের ছয়টিতেই ম্যান অব দ্য ম্যাচ স্নাইডার।

২০১০ বিশ্বকাপে তো ছিলেন অবিশ্বাস্য। গ্রুপপর্বে মাত্র এক গোল। কিন্তু টুর্নামেন্ট নকআউটপর্বে যেতেই স্নাইডার অন্য চেহারায়। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল—প্রতিটা বাধায় হল্যান্ড পেরোয় স্নাইডারের কাঁধে চেপে। গোল করেন তিন ম্যাচেই। এর মধ্যে ব্রাজিলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে করেন দুই গোল। হল্যান্ডও পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে জেতে ২-১ গোলে। ফাইনালে স্পেনের কাছে হেরে গেলেও স্নাইডারের ব্যক্তিগত পুরস্কারে ভান্ডার সমৃদ্ধই ছিল। যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করে পেয়েছিলেন ব্রোঞ্জের বুট, ডিয়েগো ফোরলানের পেছনে থেকে জিতেছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের পুরস্কার—রুপার বলও।
গ্রুপপর্বে ম্রিয়মাণ স্নাইডার এবারও গোল করেছেন নকআউটপর্বের প্রথম ম্যাচেই। হল্যান্ড যে আজ কোয়ার্টার ফাইনালে, তার মূলে স্নাইডারের ওই গোলই। ১-০তে পিছিয়ে থাকা হল্যান্ডকে স্নাইডার ৮৮ মিনিটে সমতায় ফেরান দর্শনীয় এক গোলে। যে গোলটি অনেক দিন ফুটবলপিয়াসী মানুষের চোখে লেগে থাকার কথা।
আজ কোস্টারিকার সঙ্গে কোয়ার্টার ফাইনালেও স্নাইডারই গড়ে দিতে পারেন পার্থক্য। তবে গোল করা নয়, মিডফিল্ডার হিসেবে ৩০ বছর বয়সী স্নাইডার সবার আগে নিজের দায়িত্বই পালন করতে চাইছেন ঠিকঠাকমতো, ‘আমি আমার পজিশনে খেলব। সেটাই আমার কাজ। অন্য খেলোয়াড়দের মতো আমিও দলের অন্যতম সৈনিক, একজন শ্রমিক।’
তবে স্নাইডারও মানছেন ২০১০ বিশ্বকাপের স্নাইডার হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, ‘লোকে কী বলল না বলল, তা নিয়ে আমি উদ্বিগ্ন নই। আপনি যদি ২০১০-এর স্নাইডারকে দেখার চেষ্টা করেন এবং মনে করেন আমি এখন বল হারাই এবং ভালোভাবে ক্রস করতে পারি না, আপনিই ঠিক, আমি এখন সেই খেলোয়াড় নই। তবে কোচ আমার ভূমিকায় সন্তুষ্ট।’ কোচের আস্থার জবাব স্নাইডার দিতে চান আজও। আর মঞ্চটা তো তাঁরই!