পেনাল্টি ছিল, পেনাল্টি ছিল না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশিমুরা, প্রথম ম্যাচেই আলোচনায়। ছবি: রয়টার্স
নিশিমুরা, প্রথম ম্যাচেই আলোচনায়। ছবি: রয়টার্স

২০০৮ আফ্রিকান নেশনস কাপে যে অভিজ্ঞতা হয়েছিল, সেই একই অভিজ্ঞতা হলে এই বিশ্বকাপে আর দেখাই যাবে না ইউয়ুচি নিশিমুরাকে। সেবার আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে মিসর-অ্যাঙ্গোলা ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি নিশিমুরা। শেষ পর্যন্ত টুর্নামেন্টের আর কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি জাপানি এই রেফারিকে।

গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো শতকোটি মানুষের চোখ আটকে থাকা ম্যাচের দায়িত্বে ছিলেন। এটা হতে পারত জাপানিদের গর্ব। কিন্তু বার্তা সংস্থা এএফপির খবর বলছে, জাপানিরা উল্টো এখন নিশিমুরাকে নিয়ে লজ্জিত। এএফপির শিরোনাম: ‘উদ্বোধনী ম্যাচে ব্রাজিলকে সহায়তা করায় জাপানি সমর্থকেরা লজ্জিত’।

এএফপির খবরে বলা হয়, জাপানের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে তুমুল শোরগোল চলছে। কেউ কেউ নিশিমুরার গায়ে ব্রাজিলের জার্সি পর্যন্ত চড়িয়েছেন। তনবুহিন নামের একজন টুইট করেছেন, ‘ঈশ্বর, ব্রাজিল এবার বিশ্বকাপ জিতলে তো সারা বিশ্ব বলবে নিশিমুরাই এমভিপি (মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার)।’ 

২০১০ ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচ শেষে কঙ্গোলিজ সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে দেশটির একটি চায়নিজ রেস্তোরাঁয় ভাঙচুর চালান। ভুল করে। তাঁরা ভেবেছিলেন, নিশিমুরা চীনা রেফারি। জাপানে দুইবারের বর্ষসেরা রেফারি নির্বাচিত হলেও বিতর্কিত পেনাল্টি দেওয়ার কারণে ‘সুখ্যাতি’ আছে নিশিমুরার। ১৯৯৮ বিশ্বকাপে এক ম্যাচ দায়িত্ব পালন করেই বাদ পড়েছিলেন জাপানের মাসাইয়োশি ওকাদা। জাপানিদের আশঙ্কা, নিশিমুরার কপালেও একই পরিণতি জুটতে চলেছে।

খোদ জাপানিরাই যখন এমন সমালোচনামুখর, ক্রোয়েশিয়ার সমর্থকদের অবস্থা সহজেই অনুমেয়। ওই এক পেনাল্টিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন তাঁরা। পেনাল্টিটা না দিলে ম্যাচের ফল অন্য রকম হতো বলেই বিশ্বাস তাঁদের।

এ সিদ্ধান্তটিকে ‘কলঙ্ক’ বলেছেন ক্রোয়াট ডিফেন্ডার দেয়ান লোভরেন। ইংলিশ ক্লাব সাউদাম্পটনের এই সেন্টারব্যাক বলেছেন, ‘এই রেফারির বিশ্বকাপে থাকার যোগ্যতা নেই। জানি না কোন যোগ্যতাবলে তিনি এখানে আছেন। এটা আমাদের জন্য সত্যিই ভীষণ হতাশার। কারণ ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে আমরা ভালোই খেলছিলাম। ২০০ কোটি লোক দেখেছে, এটা কোনো পেনাল্টি ছিল না। আমি ওকে (ফ্রেড) স্পর্শই করিনি। আমরা হতাশ, কিন্তু ১২ জন খেলোয়াড়ের বিপক্ষে কীইবা করার আছে। আপনি কিছুই করতে পারবেন না।’

ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ বলেছেন, ‘এ ধরনের পেনাল্টি দিতে থাকলে এই বিশ্বকাপে এক শটা পেনাল্টি হবে। এমনটা চলতে থাকলে এটা একটা সার্কাসে পরিণত হবে।’ তিনি অবশ্য ফ্রেডকে দুষছেন না। খেলোয়াড়েরা পেনাল্টি আদায় করে নিতে চাইবেই। আসল সিদ্ধান্ত তো রেফারিকেই নিতে হবে।

ব্রাজিল কোচ স্কলারি আবার মনে করেন, এটা পেনাল্টিই ছিল, ‘আমার চোখে এটা পেনাল্টিই। দশবার এর ভিডিও দেখেছি। প্রতিবারই মনে হয়েছে এটা পেনাল্টি।’

নিশিমুরার এই আলোচিত সিদ্ধান্ত এমন এক সময় হলো, যখন খোদ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার মন্তব্য করেছেন, রেফারির সিদ্ধান্তকে সর্বোচ্চ দুইবার চ্যালেঞ্জ করার ক্ষমতা দেওয়া উচিত দলগুলোকে। টেনিস ও ক্রিকেটে এরই মধ্যে এই পদ্ধতি চালু হয়েছে। সূত্র: এএফপি।