এটাই আকমলের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটুর জন্য হলো না সেঞ্চুরি! ৯৪ রানে আউট হয়ে যাওয়ার পর কাল উমর আকমলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন সতীর্থ শহীদ আফ্রিদি । প্রথম আলো
একটুর জন্য হলো না সেঞ্চুরি! ৯৪ রানে আউট হয়ে যাওয়ার পর কাল উমর আকমলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন সতীর্থ শহীদ আফ্রিদি । প্রথম আলো

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই একটা দুর্দান্ত সেঞ্চুরি আছে তাঁর। আছে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডেতেই ৭২ বলে অপরাজিত ১০২ রানের ম্যাচ জেতানো ইনিংস। গতকালের ৫৪ বলে ৯৪ রানের ইনিংসটাকে কি সেগুলোর চেয়েও এগিয়ে রাখবেন? সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে হাসলেন উমর আকমল। তারপর যেন জবাব তৈরি করাই ছিল এমনভাবে বললেন, ‘অবশ্যই। এখন পর্যন্ত এটা আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। প্রথম ম্যাচটা আমরা হেরেছি তাই এ ম্যাচে জেতা খুব জরুরি হয়ে গিয়েছিল। তারপর আবার আমরা আজ শুরুতেই দুটি উইকেট হারিয়েছি। মাঠে নামার আগে আমাকে বলা হয়েছিল, যাও নিজের সামর্থ্যটা দেখিয়ে আসো।’
দেখিয়েছেন উমর আকমল। পঞ্চম ওভারেই ২৫ রানে ২ উইকেটে হারিয়ে পাকিস্তান যখন ধুঁকছিল, ব্যাট হাতে এলেন উদ্ধারকর্তা হয়ে। শুরুর ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি চড়াও হলেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। তাঁর বিধ্বংসী ইনিংসটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। আকমল ভাইদের ছোটজনকে তাই প্রশংসার বন্যায় ভাসিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজও, ‘চাপের মুখে এভাবে স্নায়ু ধরে রেখে পাল্টা-আক্রমণ সত্যিই অসাধারণ। আজ সে তার সামর্থ্য দেখিয়েছে।’
উমরের কাছে শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছেন, কিন্তু ব্যাট হাতে এদিন জ্বলে উঠেছেন গ্লেন ম্যাক্সওয়েলও। বড় স্কোর তাড়া করতে গিয়ে শুরুতে ২ উইকেট হারানোর পর পাল্টা-আক্রমণের পথ বেছে নিয়েছিলেন তিনি। ফিঞ্চের সঙ্গে তাঁর ১১৮ রানের জুটিতে একসময় ম্যাচ জয়ের স্বপ্নও দেখছিল অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার-সেরা ৩৩ বলে ৭৪ রানের ইনিংসের পরই খেই হারিয়ে ফেলে জর্জ বেইলির দল। কৃতিত্বটা অস্ট্রেলিয়ান অধিনায়ক দিয়েছেন পাকিস্তানি স্পিনারদের, ‘ওরা অভিজ্ঞ এবং ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। স্পিন এই টুর্নামেন্টে ভালো ভূমিকা রাখবে এটা আমরা আগেও বলেছি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি তবে হয়তো আমাদের আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে।’ এই জায়গাটায় তাঁর সঙ্গে মিল দেখা গেল উমর আকমলেরও, ‘শেষের দিকে আমাদের বোলাররা দারুণ বল করেছে। ওরাই আমাদের ম্যাচে ফিরিয়েছে।’
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ছাড়াও অস্ট্রেলিয়া অধিনায়কের জন্য আরেকটা উদ্বেগের ব্যাপার হতে পারে তাঁর দলের ফিল্ডিং। সাম্প্রতিককালে অস্ট্রেলিয়াকে এত বাজে ফিল্ডিং করতে দেখা যায়নি। ক্যাচ পড়েছে, আউটফিল্ডেও গাছাড়া ভাব তারপর যখন ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট নেই, বিরক্ত হয়ে শেন ওয়ার্ন টুইট করেছেন, ‘অজিদের কী হলো আজ! এত জঘন্য ফিল্ডিং, বোলিং। তারপর এখন ব্যাট করতে নেমেও পাগলামি!’ বোলিং-ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা না থাকলেও ফিল্ডিং নিয়ে উদ্বেগের কথাটা স্বীকার করেছেন অধিনায়ক বেইলিও, ‘আমাদের বোলিং কিংবা ব্যাটিং খুব একটা খারাপ হয়নি। তবে পরের ম্যাচে ফিল্ডিং নিয়ে আমাদের আরও অনেক কাজ করতে হবে।’
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৯১/৫ (শেহজাদ ৫, কামরান ৩১, হাফিজ ১৩, উমর ৯৪, মাকসুদ ৫, আফ্রিদি ২০*, মালিক ৬*; স্টার্ক ১/৩৫, বলিঞ্জার ১/২৮, ওয়াটসন ১/৩৮, কোল্টার-নাইল ২/৩৬, হগ ০/২৯, ফিঞ্চ ০/১৮)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৭৫ (ওয়ার্নার ৪, ফিঞ্চ ৬৫, ওয়াটসন ৪, ম্যাক্সওয়েল ৭৪, বেইলি ৪, হজ ২, হাডিন ৮, কোল্টার-নাইল ০, স্টার্ক ৩, হগ ৩, বলিঞ্জার ০*; বাবর ২/২৬, হাফিজ ০/১৮, গুল ২/২৯, আজমল ১/৩৩, আফ্রিদি ২/৩০, ভাট্টি ২/৩৬)।
ফল: পাকিস্তান ১৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উমর আকমল।