এটাই আসল ফেলপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই চিরচেনা ছবি, সোনার পদক গলায় মাইকেল ফেল্‌প্‌স l এএফপি
সেই চিরচেনা ছবি, সোনার পদক গলায় মাইকেল ফেল্‌প্‌স l এএফপি

ফিরেছিলেন চার মাস আগেই। বছর দুয়েকের অবসর ভেঙে পুলে তাঁর প্রত্যাবর্তন। কিন্তু সেটা শুধুই ফেরার জন্য ফেরা হয়েছিল এত দিন। যে মানুষটা ফিরেছিলেন তিনি মাইকেল ফেলপস তো নন! ফেলপস শুধু জেতেন। অবসর ভেঙে যিনি ফিরেছেন, তিনি তো জয়ই ভুলে গেছেন!
অবশেষে আসল ফেলপসকে দেখা গেল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে, প্যান প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে। ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে সোনা জিতেছিলেন আগের দিনই। কাল ১০০ মিটার বাটারফ্লাইয়ে বন্ধু ও সতীর্থ রায়ান লোক্টিকে হারিয়ে জিতলেন আরও একটি সোনা। ৫১.২৯ সেকেন্ড সময় লেগেছে ফেল্প্সের, লোকটি রুপা জিতেছেন ৫১.৬৭ সেকেন্ড সময় নিয়ে।
প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে তাঁর প্রথম ব্যক্তিগত সোনা। যেটি তাঁকে এনে দিয়েছে আগামী বছর রাশিয়ার কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের নিশ্চয়তাও। সব মিলিয়ে যেন আত্মবিশ্বাসটাও ফিরে পেতে শুরু করেছেন রেকর্ড ১৮টি সোনাজয়ী সর্বকালের সেরা অলিম্পিয়ান, ‘ব্যক্তিগত ইভেন্টেও জিততে পারি, এ আত্মবিশ্বাসটা ফিরে পেয়ে খুব ভালো লাগছে। পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে থাকছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্ব চ্যাম্পিয়নশিপে থাকছেন, তবে লক্ষ্যটা প্রত্যাবর্তনের পরই জানিয়ে দিয়েছিলেন ফেল্প্স—২০১৬ রিও অলিম্পিকে ঝড় তোলা। তার আগে যতটুকু সময় পান, সেটা কাজে লাগাতে চান ফেল্প্স, ‘আমি আরও অনুশীলনের জন্য মুখিয়ে আছি। এটা আমার জন্য নিজেকে গড়ে তোলার বছর।’
ফেল্প্সের স্বরূপে ফেরার দিনে গোল্ড কোস্টে ঝড় তুলেছেন আমেরিকান ‘বিস্ময়বালিকা’ ক্যাটি লেডিকি। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ১৭ বছরের লেডিকি। ৮০০ মিটার ও ১৫০০ মিটার ফ্রি-স্টাইলেও বিশ্ব রেকর্ড আগে থেকেই তাঁর নামের পাশে। মেয়েদের মধ্যে জ্যানেট ইভান্সের পর একই সঙ্গে এই তিনটি ইভেন্টের বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন তিনিই প্রথম। এএফপি।