এটাই কেবল বাকি ছিল আফ্রিদিদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও কোন্দল দেখা দিয়েছে পাকিস্তান শিবিরে? ছবি: এএফপি।
আবারও কোন্দল দেখা দিয়েছে পাকিস্তান শিবিরে? ছবি: এএফপি।

পাকিস্তান ক্রিকেটে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’র কায়-কারবার বেশ পুরোনো। যেকোনো প্রতিযোগিতা বা সিরিজে পাকিস্তান ক্রিকেট দল ব্যর্থ হলেই দেশটির ক্রিকেট-নীতিনির্ধারকেরা এ ধরনের তদন্ত কমিটি গঠন করে থাকেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না।

এবারের এই তদন্ত কমিটি অবশ্য গঠন করাই ছিল। ঢাকার এশিয়া কাপে কেন পাকিস্তান দল ফাইনালে খেলতে পারল না, সে তদন্তও চলছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন সেই তদন্তের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে কোনো কোন্দল আছে কি না, সে বিষয়ে তথ্য চাচ্ছে কমিটির কাছ থেকে।
পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ, বোর্ড কর্মকর্তা শাকিল শেখ, সাবেক টেস্ট ক্রিকেটার ইকবাল কাশিমের সঙ্গে এই দলে আছেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও সিনিয়র ক্রিকেটার ইউনিস খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ ম্যাচটিই আসলে পিসিবিকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে ম্যাচ শেষে অধিনায়ক শহীদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনিস যে ভাষায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন, সেটা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ বোর্ড সভাপতি শাহরিয়ার খান। তাঁর মতে, দলে কোন্দল আছে, কমিটিকে এখন এই কোন্দলের হোতাদের খুঁজে বের করতে হবে।
নানা কারণে খবরের শিরোনাম হতে থাকা পাকিস্তান দল নিয়ে কোন্দলের খবর আসাটাই কেবল বাকি ছিল। এখন সেটিও পাওয়া গেল। তাও কিনা আগামীকাল যখন পাকিস্তান জীবনমরণ লড়াইয়ে নামছে, ঠিক তার আগে! সূত্র: পিটিআই।