এটাই তো মেসির প্রতিজ্ঞা
বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে কোনো কিছুই জিততে বাকি নেই। তার পরও একটা আক্ষেপ নিশ্চয়ই অহর্নিশ দগ্ধ করে লিওনেল মেসিকে। এর আগে দু-দুটি বিশ্বকাপ খেলেও যে সোনালি ট্রফিটায় হাত ছোঁয়াতে পারেননি৷
বিশ্বকাপ জয় দূরে থাক, গ্রহের বৃহত্তম ফুটবল আসরে মনে রাখার মতো কিছুও তো করতে পারেননি। এখন পর্যন্ত সুখস্মৃতি বলতে আট বছর আগে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে সেই গোল। বিশ্বকাপে আর কোনো গোলেরই দেখা পাননি আর্জেন্টাইন জাদুকর।
এবার মন থেকেই চাইছেন সেই অতৃপ্তি মুছে যাক। শুধু গোল কেন, বিশ্বকাপ ট্রফিটাকেই পাখির চোখ করা উচিত। ১৩ জুলাই মারাকানার ফাইনালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর একটা ছবিও তাই এঁকে ফেলেছেন মানসপটে, ‘বিশ্বকাপ ফাইনালে যেতে পারাটা হবে একটা স্বপ্নপূরণ। আশা করি ফাইনালে নেইমারকে পাব।’ মেসির আশা পূর্ণ হলে সেটা হবে স্বপ্নের ফাইনাল৷ বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই যে কখনো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখেনি!
মেসি জানেন এটাই বিশ্বকাপ জেতার সেরা সুযোগ। বয়স এখন ২৬। পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনা এই বয়সেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। সরাসরি কিছু না বললেও এই কথায় মেসির প্রতিজ্ঞাও প্রকাশ পায়, ‘আমরা এখন টুর্নামেন্টের অপেক্ষায়। আমি জানি আগে আমরা কী ভুল করেছি। ভুলের পুনরাবৃত্তি এবার করতে চাই না।’
মেসির আশার পালে হাওয়া দিয়েছেন পূর্বসূরি ডিয়েগো ম্যারাডোনাও, ‘যদি একজন ব্যক্তি তাঁর অসাধারণত্ব দিয়ে দলকে অনুপ্রাণিত করতে পারেন, সেটা দারুণভাবে সাহায্য করে। সে জন্যই আমি বিশ্বাস করি মেসি ও রোনালদোর উপস্থিতির জন্যই দল ভালো খেলবে।’
এত এত প্রত্যাশার চাপ মেসি সামলাতে পারলেই হয়! ওয়েবসাইট৷