এটাই তো জার্মানি
এবার যদি জার্মানিই চ্যাম্পিয়ন হয়, গ্যারি লিনেকারের দুঃখ কি তাতে বাড়বে? সাবেক ইংলিশ স্ট্রাইকার বড় আক্ষেপ নিয়ে একবার যে মন্তব্যটি করেছিলেন, ফুটবলের বাণী-চিরন্তনীর তালিকায় ঢুকে গেছে সেটি। ‘ফুটবল খুবই সাধারণ একটা খেলা। একটা বলের পেছনে ৯০ মিনিট ধরে ২২ জন ছোটাছুটি করে এবং শেষ পর্যন্ত জার্মানিই জেতে!’স্পেন অবশ্য প্রার্থনা করবে, অন্তত আজকের জন্য যেন মিথ্যা প্রমাণ হয় লিনেকারের ভবিষ্যদ্বাণী। কিন্তু আসলেই কি হবে?পরিসংখ্যান হতাশ করতে পারে স্পেনকে। জার্মানি তিনবারের চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪ আর ১৯৯০)। সবচেয়ে বেশি ১২ বার সেমিফাইনালে ওঠা দল। টানা তিনবার ফাইনাল খেলা দুটো দলের একটি তারা (১৯৮২-১৯৯০)। খেলেছে সাত সাতটি ফাইনাল। চারবার রানার্সআপ, তিনবার হয়েছে টুর্নামেন্টের তৃতীয় দল। যে ১৭টি বিশ্বকাপে তারা খেলেছে, ১৪ বারই কমপক্ষে উঠেছে সেরা আটে।জার্মানি সেই দল, টুর্নামেন্টের আগে অন্যদের নিয়ে শোরগোল হবে বেশি, কিন্তু টুর্নামেন্ট যত এগোবে, ততই অন্যের ওপর থেকে সরিয়ে আলোটা তারা নিয়ে নেবে তাদের ওপরই। যেমনটা হলো এবারও। জার্মানি সত্যিকার অর্থেই টুর্নামেন্টের দল, বড় উপলক্ষ পেলেই যারা ঝলসে উঠে। সেটাই বলছিলেন মিরোস্লাভ ক্লোসা, ‘আমরা সুসংগঠিত একটা দল, যারা আবারও প্রমাণ করেছে, জার্মানি হচ্ছে “টুর্নামেন্ট টিম”। সবকিছুর ওপরই হলো খেলার মান এবং আত্মবিশ্বাস। যেটি এই দলের আছে।’জার্মানি দলটার সার্থক উদাহরণ যেন ক্লোসা নিজেই। বড় উপলক্ষের জন্য নিজের সবটুকু জমিয়ে রাখতে ভালোবাসেন যিনি। ক্লাব মৌসুমে এতটাই বাজে ফর্মে ছিলেন, বায়ার্ন মিউনিখের বেঞ্চটাই গরম করতে বেশি ব্যস্ত দেখা গেছে তাঁকে। লিগে ২৫ ম্যাচে করেছেন ৩ গোল। সেই তিনিই বিশ্বকাপে ৪ গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দু-দুবার গোল্ডেন বুট জেতার সামনে! অথচ বিশ্বকাপের আগে ক্লোসাকে নিয়ে আলোচনা হয়েছে সামান্যই, যেটুকু হয়েছে সেটুকুও তাঁর বাজে ফর্ম নিয়ে।জার্মানিকে নিয়েও কি খুব বেশি কথাবার্তা হয়েছে? একের পর এক অভিজ্ঞ খেলোয়াড়দের হারিয়ে একরকম বাধ্য হয়ে তরুণ দলটাকে নিয়ে আসতে হয়েছিল জোয়াকিম লোকে। মুলার-ওজিলদের বয়স ২০-২১। সামি খেদিরার বয়স ২৩। ব্রাজিল-আর্জেন্টিনা-ফ্রান্স-ইতালিরা যেখানে দর্শক, সেই জার্মানি এখন প্রহর গুনছে ১৯৯০ বিশ্বকাপের পর আবারও সোনালি ট্রফিটা ঘরে নিয়ে যাওয়ার।গত আটটি বিশ্বকাপের ছয়বারই সেমিফাইনাল আর দুবার কোয়ার্টার ফাইনাল দলটার রহস্যটা কী? চোটের কারণে দল থেকে ছিটকে পড়া অধিনায়ক মাইকেল বালাক একটা ব্যাখ্যা দিয়েছেন দ্য টাইমস-এ লেখা কলামে। লিখেছেন, চাপটাকে প্রেরণা হিসেবে নেওয়ার শক্ত মানসিকতা আছে তাঁদের, ‘প্রত্যাশাটা অনেকের কাছেই চাপের পাহাড় হয়ে ওঠে। কিন্তু আমরা আমাদের ইতিহাস থেকে প্রেরণা খুঁজে নিই।’সেই তারুণ্যের জয়গান কি আজও গাইবে বিশ্বকাপ? লো আশাবাদী। এই দলটার ওপর আস্থা না রাখাও যে পাপ। তবে জার্মান কোচের তুরুপের তাস হয়ে ওঠা মুলারই থাকছেন না আজ। দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে এই ম্যাচটা খেলা হচ্ছে না চার গোল করা এই স্ট্রাইকারের। তাঁর জায়গায় লো আজ মাঠে নামাবেন টনি ক্রুসকে। বিকল্প হিসেবে হাতে থাকছে স্ট্রাইকার কাকাউও। চোট সেরে দলে ফিরছেন এই ব্রাজিলিয়ান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল করেছিলেন যিনি।পুরো দলই আসলে দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে গত ৫ ম্যাচে ১৩টি গোল করেছে জার্মানরা, হজম করেছে মাত্র দুটো। এমনটা খেলে যেতে পারলে লিনেকারপন্থী হয়ে যাবেন ভিসেন্তে দেল বস্কও, ‘...জার্মানরাই জেতে।’