এটাই দুঙ্গার ব্রাজিল
ম্যাচের পরিসংখ্যানে অদ্ভুত সব সমতা। দুই দলই বল পায়ে রেখেছে ৩২ মিনিট করে। দুই দলই ফ্রি-কিক পেয়েছে ৫টি করে। ৫১ ভাগ বল দখলে রেখেছে ব্রাজিল, ৪৯ ভাগ চিলি। ব্রাজিল গোলে শট নিয়েছে ১৭টি, ১৫টি চিলি। কর্নার কিক ৮টি ব্রাজিল, চিলি ৬টি। কিন্তু গোলের খেলা ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেই পরিসংখ্যানটাই গড়ে দিয়েছে পার্থক্য। তিনবার চিলির জালে বল ঢুকাতে পেরেছে ব্রাজিল, চিলি একবারও নয়। এটাই এখনকার ব্রাজিল। কার্লোস দুঙ্গা দলের কাছে যা চান, তার দারুণ একটা বিজ্ঞাপন হয়ে থাকল চিলির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি।জোহানেসবার্গের এলিস পার্ক স্টেডিয়ামে পরশু প্রবল প্রতিপক্ষের সঙ্গে প্রায় পুরো সময়টাই পাল্লা দিয়ে খেলল চিলি। কিন্তু ম্যাচের স্কোললাইনে এর প্রতিফলন কোথায়! এই ব্রাজিল নির্মম, এই ব্রাজিল প্রায় নিখুঁত। প্রতিপক্ষ যাই করুক না কেন, নিজেদের কাজটা তারা করবে নিষ্ঠুরভাবে।পরশু চিলি যা করেছে, বিশ্ব ফুটবলে এখন খুব কম দলই তা করতে পারে। বিশ্বে কটা দল এই মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে তিনজন ফরোয়ার্ড নিয়ে নামতে পারে! আলেক্সিস সানচেজ ও বোশেজোর সামনে হামবার্তো সুয়াজোকে নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন বিয়েলসা। উদ্দেশ্য ব্রাজিলকে চাপে রাখা। প্রথম আধঘণ্টা দারুণভাবে কাজে দিয়েছে এই কৌশল। কিন্তু এর পরই ব্রাজিল বুঝে নেয় কী করতে হবে। ৩৫ ও ৩৮ মিনিটে যে দুটি গোল করে ব্রাজিল খেলার মোড় ঘুরিয়ে দিল, সেটিকে বলা যায় দুঙ্গা-যুগের ব্রাজিলের ক্লাসিক উদাহরণ। একটি কর্নার থেকে হেডে, আরেকটি দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে।ব্রাজিলের রক্ষণভাগে নিজের কাজটা প্রায় নিখুঁতভাবে করে যান হুয়ান। বিখ্যাত সতীর্থদের ভিড়ে পাদপ্রদীপের আলো খুব একটা খুঁজে ফেরে না তাঁকে। ব্রাজিলকে স্বস্তির প্রথম গোল এনে দিয়ে পরশু কিছু সময়ের জন্য হলেও আলোটা নিজের দিকে টেনে আনলেন। কর্নারটা জিতেছিলেন রাইট ব্যাক মাইকন, নিয়েছিলেনও তিনি। তীব্র গতিতে আসা কর্নারে ১৬ গজ দূর থেকে করা হুয়ানের হেডটাও ছিল সে রকম। চিলি গোলকিপার ক্লদিও ব্রাভোর রিফ্লেক্স পেরে ওঠেনি ওই গতির সঙ্গে। ব্রাজিলের জার্সি গায়ে ৭৮ ম্যাচে সপ্তম গোলের কৃতিত্বটা তাই মাইকনকে দিতে ভোলেননি হুয়ান, ‘মাইকন কিকটা নিয়েছিল দারুণ। গোলটা করতে পেরে ভালো লাগছে। ম্যাচের প্রথম গোলটা সব সময়ই গুরুত্বপূর্ণ ও স্বস্তির।’তিন মিনিট পর পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে রবিনহো পাস দিয়েছিলেন কাকাকে। কাকা এগিয়ে দেন লুইস ফ্যাবিয়ানোকে। আরও একবার নিজের জাত চেনাতে ভুল করেননি ফ্যাবিয়ানো। চিলি ডিফেন্ডার ফুয়েন্তেসকে ছিটকে ব্রাভোকে কাটিয়ে বল জড়ান জালে। বিশ্বকাপে নিজের তৃতীয় গোলের পর গোল্ডেন বুট নয়, ফ্যাবিয়ানোর ভাবনায় শুধুই দল, ‘দল হিসেবে আমরা দারুণ খেলছি। প্রতিদিনই উন্নতি হচ্ছে, প্রতিপক্ষকে চাপে রাখছি।’৫৯ মিনিটে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দেওয়া গোলটি রবিনহোর। তবে বড় অবদান রামিরেসের, এলানো ফিট থাকলে যাঁর খেলাই হতো না। মাঝমাঠ থেকে দারুণ গতিতে এগিয়ে গিয়ে রবিনহোকে পাস দেন চিলির বক্সে। নাইকির বিজ্ঞাপনের মতোই নিখুঁত ফিনিশিংয়ে এই বিশ্বকাপে প্রথমবারের মতো জাল খুঁজে পান রবিনহো। এই ফিনিশিংটারই অভাব ছিল চিলির। সুয়াজো বেশ কবার বিপজ্জনক হয়ে উঠেছেন, তবে জালের দেখা পাননি বাছাইপর্বের সর্বোচ্চ এই গোলদাতা। সানচেজও পারেননি আগের ম্যাচগুলোর মতো ভয়ংকর হয়ে উঠতে। কৃতিত্ব পাওনা ব্রাজিল ডিফেন্সেরও, লুসিও-হুয়ানরা বরাবরের মতোই ছিলেন দুর্ভেদ্য।ব্রাজিলের সামনে এবার হল্যান্ড, ২ জুলাই বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। তবে আত্মবিশ্বাস এতটাই তুঙ্গে যে প্রতিপক্ষ নিয়ে ভাবছেনই না ফ্যাবিয়ানো, ‘হল্যান্ড? আমরা নিজেদের সেরাটা খুঁজে পাচ্ছি, এভাবে খেলতে পারলে প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’ এএফপি।