এটাই বায়ার্নের সোনালি প্রজন্ম: লাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্নে সোনালি প্রজন্ম কোনটা? অধিনায়ক ফিলিপ লাম উত্তর দিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগজয়ী অধিনায়কের মতে, ইউরোপ-সেরা হয়ে বায়ার্নের এই দল প্রমাণ করেছে যে তারাই ‘সোনালি প্রজন্ম’।২০০৯ ও ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপার খুব কাছাকাছি গিয়েও রুপালি ট্রফিটা হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়নি বায়ার্ন ফুটবলারদের। গতবার চেলসির কাছে হেরে যাওয়াটা তো ছিল এক ধরনের বিপর্যয়। ৮৩ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকা দল গোল হজম করে টাইব্রেকারে গিয়ে শিরোপা হারিয়েছিল। এবার ফাইনালে উঠে তাই শিরোপা জয়টা এক প্রকার বাধ্যবাধকতা হিসেবেই পরিগণিত হয়েছিল। ৮৯ মিনিটে অ্যারিয়েন রোবেনের দেওয়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্ন এবার আর ব্যর্থতার চোরাবালিতে পা হরকায়নি। ওয়েম্বলি থেকে সিলভার ওয়্যার নিয়েই মিউনিখে ফিরেছেন লাম, মার্টিনেজ, মানজুকিচ, শোয়েনস্টেইগার, ন্যয়ার, রোবেন, রিবেরিরা।

ফিলিপ লাম বলেছেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের মাধ্যমে বায়ার্ন বিশ্ব ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। আগামী দিনগুলোতে বিশ্ব ফুটবল দেখবে বায়ার্ন মিউনিখের আধিপত্য।

জার্মানির ‘বিল্ড’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে লাম বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি, ফুটবলে সোনালি প্রজন্ম হতে গেলে অবশ্যই আন্তর্জাতিক ট্রফি জিততে হবে। আমাদের এ দলটি চ্যাম্পিয়নস লিগ জিতে সেই পথে হেঁটেছে।’

তিনি বলেন, ‘আমাদের ওপর চাপ ছিল প্রচণ্ড। সেই চাপ উতরেই চ্যাম্পিয়নস লিগ জিতেছি। দারুণ একটা সময়ে আমরা এই শিরোপাটা জিতলাম। আমাদের প্রায় সব খেলোয়াড়েরই বয়স পড়ে রয়েছে। আশা করছি, সামনে আমাদের জন্য একটি সুন্দর সময়ই অপেক্ষা করছে।’

এই সাফল্যকে লাম বলছেন স্বর্ণ-সময়ের শুরু। জাভি মার্টিনেজের মতে, এই শিরোপা তাঁর ফুটবল জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে আনন্দময় মুহূর্ত উপহার দিয়েছে। লাম-মার্টিনেজ যা-ই বলুন, এবারের চ্যাম্পিয়নস লিগ ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে এক নতুন শক্তি। বাভারিয়ানদের এই শক্তি যে আগামীতে জার্মান ফুটবলের আধিপত্যের উত্স হবে না, সেটা কে বলতে পারে ! সূত্র: গোল ডটকম।