এটি মওদুদেরও ‘ফাইনাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপের ফাইনাল আজ। বিকেল তিনটায় শিরোপা লড়াইয়ে তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান সামনে পাচ্ছে দুবারের শিরোপাজয়ী ঊষা ক্রীড়াচক্রকে।ঊষা চ্যাম্পিয়ন হয়েছিল সেই প্রথম দুই টুর্নামেন্টে, ১০ বছর আগে। পরেরবার উঠেছিল ফাইনালে। চার টুর্নামেন্ট পর ফাইনালে ওঠা ঊষা আজ চ্যাম্পিয়ন হয়েই এবারের মৌসুমটা শুরু করতে চাইবে।মোহামেডান এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একবার তারা রানার্সআপ হয়েছে। গত মৌসুমে আবাহনী তাদের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছে। এবার মোহামেডানের চ্যালেঞ্জ হারানো শিরোপা পুনরুদ্ধার করা।এমনিতেই দলীয় শক্তিতে ঊষার চেয়ে মোহামেডান এগিয়ে। তার ওপর অষ্টম ক্লাব কাপের শিরোপা নিশ্চিত করতে আজ মোহামেডানের হয়ে মাঠে নামতে পারে মালয়েশিয়ান জাতীয় দলের স্ট্রাইকার চুয়া বুন। কাল মধ্যরাতে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।ঊষা অবশ্য এই খবরে বিচলিত নয়। দলটির কোচ জামাল হায়দার যেমন বললেন, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হব আশা রাখি।’কাগজে-কলমে শক্তিশালী দল নিয়ে মৌসুমের প্রথম শিরোপা জেতা নিজেদের জন্য একরকম ‘বাধ্যতামূলক’ই মনে করছে মোহামেডান। কোচ বরকতউল্লাহর (চপল) কথা, ‘আমরা এবার ভালো দল করেছি। এখন এর ফসল ঘরে তুলতে হবে।’মওদুদুর রহমানের (শুভ) অবসর: বছর দুয়েক আগে সাভারে একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) প্রোগ্রাম অফিসার হিসেবে যোগ দেওয়ার পরও হকি মাঠে ছিল তাঁর বিচরণ। এবারও ছুটি নিয়েছিলেন। কিন্তু লিগ পিছিয়ে যাওয়ায় ছুটি বাড়াচ্ছেন না। আজ ক্লাব কাপের ফাইনালে ঊষার জার্সি গায়ে ১৩ বছরের হকি জীবনের ইতি টানছেন মওদুদুর রহমান (শুভ)।গত মৌসুমে ঘরোয়া হকিতে এক শ গোল ছাড়িয়ে গেছেন। তাঁর প্রজন্মের অন্যতম সেরা এই স্ট্রাইকার জাতীয় দলে গোটা ষাটেক ম্যাচ খেলে একটি ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। কাল বিকেলে শেষ অনুশীলনের ফাঁকে অবসরের খবর দিয়ে আপেক্ষের সুরে বলছিলেন, ‘হকি মিস করব না। খেলা থাকলেই তো মিস করার প্রশ্ন আসে। চাকরি থেকে লম্বা ছুটি নিয়ে তো আর খেলা সম্ভব নয়। তাই ঊষাকে বলে দিয়েছি এই ফাইনাল ম্যাচই আমার শেষ ম্যাচ।’