এটিপির সমালোচনায় জোকোভিচ
জমে উঠেছে মাদ্রিদ ওপেনে কোর্ট নিয়ে বিতর্ক। সেই বিতর্কে এবার যোগ দিলেন পুরুষদের টেনিসের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।লালের বদলে নীল রঙের কোর্টে খেলা চলায় অস্বস্তির কথা প্রকাশ করেছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরারের মতো শীর্ষ খেলোয়াড়েরা। অন্যদিকে সেরেনা উইলিয়ামসের মতো অনেকে বলেছেন, নীল রঙের কোর্টে সমস্যা হচ্ছে না। নোভাক জোকোভিচ অবশ্য পক্ষে-বিপক্ষে কোনো দলেই যোগ দেননি। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্মতি আদায় করতে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেছেন শীর্ষ পুরুষ টেনিস খেলোয়াড়দের সংগঠন এটিপির।‘হতাশার ব্যাপার হলো, খেলোয়াড়দের আপত্তি থাকার পরও কোর্টের রং বদল করা হয়েছে। এটা সত্যি হতাশার। খেলোয়াড়েরা কী বলছেন, এটা মূল্যায়ন করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি’—জোকোভিচের বরাত দিয়ে এ বক্তব্য প্রকাশ করেছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।জোকোভিচ বলেন, ‘প্রতিযোগিতার আয়োজকদের দোষ দিচ্ছি না আমি। তবে খেলোয়াড়ের তুলে ধরার ক্ষেত্রে তাঁদের অধিকার, চাওয়া নিয়ে আরও ভালো কিছু করতে পারতো এটিপি।’জোকোভিচ অবশ্য ইঙ্গিত দেন, নীল রঙের বদলে আবারও কোর্টের রং আগের মতো লাল করা হতে পারে।