এডওয়ার্ডসের লড়াকু অভিষেক
রান নিতে গিয়ে ব্যাট পড়ে গিয়েছিল হাত থেকে। তাতে কি আর উদ্যাপন থেমে থাকে! মুষ্টিবদ্ধ দুহাত তুললেন ওপরে। কার্ক এডওয়ার্ডস যেন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন, এই মাত্র নকআউট করেছেন প্রতিদ্বন্দ্বীকে!ডমিনিকা টেস্ট অভিষেকের সঙ্গে মিলে গেছে তাঁরটিও। এডওয়ার্ডস সেই অভিষেক স্মরণীয় করে রাখলেন লড়াকু এক সেঞ্চুরিতে। টিভি ক্যামেরা ধরল গ্লেন্ডন এডওয়ার্ডসকে। ছেলের সেঞ্চুরি দেখার আশায় ছুটে এসেছিলেন বারবাডোজ থেকে। গর্বিত বাবার হাততালি থামছিলই না। অবশ্য একটুর জন্য আশাভঙ্গের বেদনায় পুড়তে হয়নি তাঁকে। মিড অফে বল ঠেলেই দৌড় দিয়েছিলেন সেঞ্চুরি পেতে ব্যগ্র এডওয়ার্ডস। ফিল্ডারের থ্রোটা ভালো হলে সেঞ্চুরির গৌরবের বদলে জুটত ৯৯ রানে রানআউট হওয়ার যন্ত্রণা।রামনরেশ সারওয়ানকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তাঁকে। প্রথম শ্রেণীর রেকর্ড বলার মতো নয়, ৯টি ওয়ানডে খেলেও সর্বোচ্চ রান মাত্র ৪০। বয়সটা (২৬ বছর) এমন যে ‘তরুণ প্রতিভা’ বলাও যায় না। তার মানে নির্বাচকেরা নিশ্চয়ই কিছু একটা দেখেছিলেন, গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৭১ রানের ইনিংসটিরও বড় ভূমিকা থাকতে পারে। কারণ যা-ই হোক, অভিষেক সেঞ্চুরিটায় জবাব মিলল অনেক প্রশ্নেরই।তবে সমালোচনা কিন্তু এডওয়ার্ডসকে খুশিই করেছিল! জানালেন, সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্নগুলোই তাঁর প্রেরণা, ‘ক্যারিবিয়ানে আমাদের নিয়ে নানা রকম নেতিবাচক কথা শোনা যায়। আমরা নতুন একটি তরুণ দল, কেবল শিখছি। নেতিবাচকতাকে আমি ইতিবাচকতায় রূপ দিই। লোকে যতই বলে আমি পারি না, আমার নিজের আরও বেশি করে মনে হয়, আমি পারি। সবাইকে ভুল প্রমাণ করতে চাই। আমার মনে হয়, সবারই বলে যাওয়া উচিত, আমি পারি না!’ কী বুঝলেন? বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারের মতো ক্যারিবিয়ান ক্রিকেটে এখন দারুণ সব ‘চরিত্র’ও আসছে। কথাবার্তায় সপ্রতিভতার প্রমাণ অনুপ্রেরণার গল্পেও, ‘ছেলেবেলায় আমি ভিভ রিচার্ডসের ব্যাটিং খানিকটা দেখেছিলাম। সত্যি বলতে, আমি ভিভকে শুধু হাইলাইটস প্যাকেজে দেখেছি। আই লাভ ভিভ। ওকে কখনো বল ছাড়তে দেখেনি, শুধু হাইলাইটসই যে দেখেছি! বেড়ে ওঠার সময় আমি ব্রায়ান লারা ও কার্ল হুপারকে দেখেছি। ছেলেবেলায় কেনসিংটন ওভালে গিয়ে তাঁদের ওয়ার্মআপ দেখতে দেখতে ভেবেছি, আমিও এক দিন ওখানে থাকব। এটা তাই (সেঞ্চুরি) স্বপ্ন সত্যি হওয়ার মতো।’অভিষেক সেঞ্চুরি হয়তো বড় কিছুর ইঙ্গিত, কিন্তু নিশ্চয়তা মোটেও নয়। টেস্ট অভিষেকে এডওয়ার্ডসের আগের দুই ওয়েস্ট ইন্ডিয়ান সেঞ্চুরিয়ান ডুইন স্মিথ ও আদ্রিয়ান বারাথই তো এর প্রমাণ। এডওয়ার্ডস ব্যতিক্রম হতে চান, ‘আমি যা চাই, সেই ছবিটা মনে মনে দেখি এবং তারপর সেটা অর্জনের চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভিত্তি হতে চাই আমি।’ চতুর্থ দিনের অন্তিমলগ্নে আউট হওয়া, হারের মুখে দল—সব মিলিয়ে অভিষেক সেঞ্চুরিটা পুরোপুরি উপভোগ করতে পারেননি। তবে গত পরশু চতুর্থ দিন শেষের সংবাদ সম্মেলনে নিজের ইতিবাচক মনোভঙ্গি ঠিকই প্রকাশিত, ‘এ মুহূর্তে অনুভূতিটা মিশ্র। তবে এর পরও আমরা ম্যাচ বাঁচাতে পারি। আমি যেমন লড়াকু, আমাদের দলে এমন অনেক লড়াকু চরিত্র আছে। আমরা লড়াই করে যাব!’ ব্যাটিং আর কথাবার্তা—দুটিই বুঝিয়ে দিচ্ছে, কার্ক এডওয়ার্ডসের মধ্যে বারুদ আছে!