ফিদেল এডওয়ার্ডস হঠাৎ ‘ব্যাটসম্যান’ হয়ে না গেলে হয়তো ডমিনিকা টেস্টটা বাঁচাতে পারত না ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ টেস্টের ৭৪ ইনিংসে এই প্রথম বল খেলার সেঞ্চুরি করলেন বারবাডিয়ান ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ নম্বরে নেমে এডওয়ার্ডসের চেয়ে বেশি বল খেলেছেন আর একজনই। তিনিও ছিলেন ফাস্ট বোলার, ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেটদের একজন। ১৯৮৩ সালে কলকাতায় ভারতের বিপক্ষে ৬৮ রানের ইনিংসটিতে অ্যান্ডি রবার্টস বল খেলেছিলেন ১৮১টি। এডওয়ার্ডস অবশ্য বিশ্ব রেকর্ডের ধারেকাছেও নেই, রবার্টস আছেন তিন নম্বরে। রবার্টসের ওপরে আছেন এই সময়ের সেরা ফাস্ট বোলার। ২০০৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯১ বল খেলে ৭৮ রান করেছিলেন ডেল স্টেইন। এই ফাস্ট বোলারদের টেক্কা দিয়েছেন এক অফ স্পিনার। ১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ২১৩ বল খেলেছিলেন ভারতীয় অফ স্পিনার শিবলাল যাদব। রান করেছিলেন মাত্র ৪৩!