এডওয়ার্ডসেরও প্রথম অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের দেখা হয়ে গেল চলতি পথে। মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে ফিরছিলেন শাহরিয়ার নাফীস, ড্রেসিংরুম থেকেই মাঠে ঢুকছিলেন ফিদেল এডওয়ার্ডস। সামনাসামনি হয়ে দুজনের মুখেই হাসি, প্রথমে হাত বাড়িয়ে দিলেন এডওয়ার্ডসই। শাহরিয়ারের বাঁ চোখের নিচটায় কালচে হয়ে আছে, এডওয়ার্ডসের সেই খুনে বাউন্সার স্মৃতিচিহ্ন রেখে গেছে নাকেও। সেদিকে তাকিয়ে বার্বাডিয়ান ফাস্ট বোলার আন্তরিকভাবেই বললেন, ‘স্যরি।’ আঘাত কতটা গুরুতর, এখন কী অবস্থা, আবার ব্যাট করতে পারবেন কি না, এসব খোঁজখবর নিলেন। শেষে পিঠ চাপড়ে দিলেন শাহরিয়ারের, খেলা না হওয়ার হতাশায় ভরা দিনের একমাত্র উজ্জ্বল অধ্যায় হয়ে রইল দৃশ্যটা।এডওয়ার্ডস কোনো উইকেট পাননি, মাত্র ২১ রানে মাঠ ছেড়েছেন শাহরিয়ার। তবু প্রথম দিনের সবচেয়ে আলোচিত দুই চরিত্র তাঁরা দুজনই। এডওয়ার্ডসের বাউন্সারে হুক করতে গিয়ে রক্ত ঝরেছে শাহরিয়ারের। বাঁহাতি ব্যাটসম্যান পরে বলেছিলেন, যেকোনো পর্যায়ের ক্রিকেটেই এই অভিজ্ঞতা তাঁর প্রথম। কাল এডওয়ার্ডস জানালেন, এই অভিজ্ঞতা তাঁরও প্রথম, ‘দু-তিনজনের আঙুল সম্ভবত আমি ইতিমধ্যেই ভেঙেছি, কিন্তু এর আগে আমার বলে কখনো রক্ত ঝরেনি। যা হয়েছে সেজন্য আমি দুঃখিত। তবে এটাই ক্রিকেট। আমি ওকে শুভকামনা জানাচ্ছি, আশা করি, আবার ব্যাট করতে পারবে।’এটাই মাঠের বাইরের এডওয়ার্ডস। সময়ের আরেক সেরা ফাস্ট বোলার ডেল স্টেইনের সঙ্গে এই জায়গাটায় তাঁর অদ্ভুত মিল। বল হাতে ঝড় তুলতে ভালোবাসেন, এক বিন্দু ছাড় দিতে চান না ব্যাটসম্যানকে। কিন্তু মাঠের বাইরে পুরো উল্টো। শান্ত, বিনয়ী, এতটাই মিনমিন করে কথা বলেন যে পাশে বসেও কান খাড়া করে রাখতে হয়। শিশুসুলভ চেহারা ও হাসিটাও মাঠের বাইরে এডওয়ার্ডসকে যেন আরও স্পষ্ট প্রকাশ করে।টেস্ট শুরুর আগে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছিল তাঁকেই। কিন্তু প্রথম দিনে তিন ক্যারিবীয় পেসারের মধ্যে সবচেয়ে অনুজ্জ্বল ছিলেন তিনিই। ব্যর্থতার দায় কিছুটা দায় দিলেন উইকেটকে, কিছুটা নিজেকে, ‘শেষ ওয়ানডে ম্যাচটা দেখেই বুঝতে পেরেছিলাম উইকেট মন্থর হবে। কাল বল কিছুই করছিল না, সুইং পাওয়া যাচ্ছিল না, বাউন্সও তেমন নেই। এমন উইকেটে উইকেটের এক পাশে বোলিং করতে হয়, নিয়ন্ত্রিত বোলিং করতে হয়। রিভার্স সুইং পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু কাল সেটা আমি পারিনি।’ভুলগুলো বুঝতে পেরেছেন, করণীয়টাও খুব ভালোভাবে জানেন। হয়তো কাল মাঠে সেটার প্রতিফলনও ফেলতে চেয়েছিলেন। কিন্তু একটা বলও যে হলো না! বোলিংয়ে রক্ত ঝরানোর মতো এই অভিজ্ঞতাও প্রথম হয়েছে এডওয়ার্ডসের, সকাল থেকে একটুও বৃষ্টি নেই, কিন্তু বেলা শোয়া ১১টাতেই দিনের খেলা বাতিল হওয়ার এই গল্প হয়তো সারা জীবন করে বেড়াবেন ২৯ বছর বয়সী ফাস্ট বোলার।প্রথম দিনটা নিয়ন্ত্রণে ছিল বলে হতাশাটা বাংলাদেশেরই বেশি হওয়ার কথা। তবে ওয়েস্ট ইন্ডিজেরও তো ছিল ফিরে আসার সুযোগ। এডওয়ার্ডস হতাশ দর্শকদের কথা ভেবেও, ‘সকালে অনুশীলনের জন্য মাঠে নেমেছিলাম আমরা, মাঠের অবস্থা সত্যিই খারাপ ছিল। যে অবস্থায় আছি আমরা, খেলা না হওয়া আমাদের জন্য খুবই খারাপ। শুধু ক্রিকেটের জন্য নয়, খেলা না হওয়া দর্শকদের জন্যও খুব দুঃখজনক।’চারপাশে চকচকে রোদ, তবুও খেলা হওয়ার জো নেই। এমন দুঃখ দর্শকদের জন্য মনে হয় আরও অপেক্ষা করছে!