এত অব্যবস্থাপনা!
খানিক বাদেই ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দল অনুশীলন করছিল মাঠে। কিন্তু অন্ধকার নেমে এলেও ফ্লাডলাইট জ্বলছে না। বিদ্যুৎ নেই। পরে ফ্লাডলাইট জ্বলল বটে, কিন্তু প্রেসবক্সে বিদ্যুৎ হয়ে পড়ল যেন ডুমুরের ফুল!
অদ্ভুত এক ভেন্যু নেপাল পুলিশ হেডকোয়ার্টার মাঠ। মাঠটা ছোট। অনুশীলনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বাইরে। অনুমতি নেই। কিংবা এটা-ওটা বলে নানা অজুহাত। কাল সকালে অনুশীলন করতে গিয়ে তো বিপাকেই পড়ে গেল বাংলাদেশ দল। ভেতরে ঢোকার ছাড়পত্র মিলছিল না কিছুতেই। পরে বাংলাদেশ দলের ম্যানেজার রেগে-মেগে আগুন হওয়ার পর পুলিশ মাঠে ঢোকার অনুমতি মিলেছে।
ভেতরে পুলিশের কী একটা প্যারেড চলছিল। তা চলতেই পারে। কিন্তু এসব ব্যাপারে আগে থেকে আয়োজকেরা যোগাযোগ রাখবে না? আরও অবাক কাণ্ড, আয়োজকদের কারও দর্শনই মিলছিল না। আসলে কাঠমান্ডুর ফুটবল ভেন্যু মানেই অব্যবস্থাপনার চূড়ান্ত রূপ। দুই দিন আগে ভারতীয় দলেরও একই দশা হয়েছে। পুলিশ মাঠে অনুশীলন করতে গিয়ে ৩০ মিনিট বাইরে থাকতে হলো তাদের।
সবচেয়ে বেশি সমস্যা সাংবাদিকদের। প্রেসবক্স বলতে কিছু নেই। খোলা গ্যালারিতে কয়েকটা চেয়ার-টেবিল পেতে রাখা হয়েছে, এই যা। তাও অপর্যাপ্ত। বাংলাদেশ থেকেই এসেছেন ৫০ জনের ওপরে সংবাদকর্মী। স্থানীয় সাংবাদিকও ৪০-৫০ জন। ভারত-পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা মিলিয়ে সাফ কভার করতে এসেছেন শতাধিক সাংবাদিক। কিন্তু আসনসংখ্যা গোটা ত্রিশেক। বাকিদের ইতিউতি বসে ল্যাপটপ কোলে নিয়ে কোনো রকমে কাজ করতে হচ্ছে।
তা-ও সহ্য করা যেত, যদি ইন্টারনেট সংযোগটা থাকত সার্বক্ষণিক। সেটিও এখানে দুর্লভ বস্তু। পরশু বাংলাদেশ-নেপাল ম্যাচের মাঝখানে এক ঘণ্টার বেশি ইন্টারনেট সংযোগ ছিল না। গতকাল পাওয়া গেল ভারত-পাকিস্তান ম্যাচ অর্ধেক গড়িয়ে যাওয়ার পর। তার আগ পর্যন্ত সাংবাদিকেরা এখানে-ওখানে ছুটে তবেই লেখা আর ছবি পাঠিয়েছেন।
ইন্টারনেট সংযোগ কে দেবেন, তা জানানোর মতো কোনো লোকও খুঁজে পাওয়া যায়নি এখানে। কেউ কোনো দায়িত্ব নিতে রাজি নন। সবাই যেন পালিয়ে বাঁচেন, যদি কিছু করা লাগে!
এমন ভেন্যুতে বারবার কেন আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে—সেটা বিরাট প্রশ্ন। যেখানে সামান্যতম সুযোগ-সুবিধার এত অভাব, সেই ভেন্যু কী করে এত ম্যাচ পাচ্ছে? সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ কাপ থেকে শুরু করে বয়সভিত্তিক এবং মেয়েদের অনেক টুর্নামেন্ট হয়েছে দশরথ স্টেডিয়ামে এবং তা একজনের কল্যাণে। এএফসি এবং ফিফায় ভালো যোগাযোগ রেখে টুর্নামেন্ট বাগিয়ে নিয়ে রুপি আয়ে মশগুল গণেশ থাপা।
জরাজীর্ণ দশরথ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ দলের খেলায়ও গ্যালারি ভরে যায়। নেপাল জাতীয় দলের ম্যাচ হলে তো কথাই নেই। ৩০০, ৭০০ রুপির দামের টিকিটে ২০ হাজার দর্শকের গ্যালারি ভর্তি হয়ে যাওয়া মানে তো বিশাল আয়। কিন্তু অল-নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ফুটবলার (বাংলাদেশেও খেলেছেন) গণেশ শুধু রুপিই আয় করছেন, সুযোগ-সুবিধা বাড়ানোর দিকে তাঁর নেই সামান্যতম দৃষ্টি।
সাফের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনও নাড়াতে পারলেন না গণেশ থাপাকে। প্রেসবক্সে কাজের পরিবেশ তৈরিতে সালাউদ্দিনকে অনেক অনুরোধ করেছিলেন ঢাকার সাংবাদিকেরা, কিন্তু আখেরে ফল শূন্য। প্রেসবক্স সুযোগ-সুবিধা এতটুকু বাড়েনি। সবই শেষ পর্যন্ত অরণ্যে রোদন! হায়, কাঠমান্ডু!