এত কাছে তবু এত দূর!

হতাশায় স্তব্ধ আরিয়েন রোবেন। শূন্যে তাকিয়ে মাথা নাড়ছেন রবিন ফন পার্সি। আকাশি-সাদাদের কাছে কমলাশিবিরের অস্তাচল গমনের সাক্ষী হয়ে রইলেন পার্সি ও রোবেন। অথচ দুজনই স্পেন সাম্রাজ্যকে ধসিয়ে দিয়েছিলেন জোড়া গোল করে। এমন রাজসিক যাত্রার পরও শেষ পর্যন্ত ফাইনাল খেলা হলো না। শুরুর সঙ্গে শেষের কী অমিল!
পার্সি-রোবেন দুজনই পুরোনো হিসাব-নিকাশ চুকোতে পা রেখেছিলেন ব্রাজিলে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে রোবেনের ব্যর্থতা অশ্রুস্নাত করেছিল ডাচদের। গোলমুখে তাঁর ব্যর্থতায় ডাচদের বহু আরাধ্য শিরোপায় চুমু খাওয়া হয়নি। পার্সিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, পুরো টুর্নামেন্টে করেছিলেন একটি গোল। ওই শোকগাথা ভুলতে দুজন যেন চোয়ালবদ্ধ হয়েই ব্রাজিল বিশ্বকাপে এসেছিলেন। ডাচরা স্বপ্নে বুঁদ হয়েছিল আবারও। তবু পাওয়ার গল্প গল্পই থেকে গেল। হারানোর গল্প রচিত হলো আবারও।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিতে তো দুজনেরই অসহায়ত্ব ফুটে উঠেছে। পার্সি এখন পর্যন্ত বিশ্বকাপ নকআউট পর্বে গোল না পাওয়ার ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখলেন। ‘ফ্লাইং ডাচম্যান’কে আক্ষরিক অর্থেই মর্ত্যে নামিয়ে আনল আর্জেন্টাইন রক্ষণ। বারবার অফসাইডের ফাঁদে পা দিয়েছেন। আর রোবেন তো একপ্রকার বোতলবন্দীই ছিলেন। সঙ্গে যথারীতি ‘ডাইভ’ দেওয়ার অভিযোগও উঠেছে। যাও একবার রোবেনসুলভ রক্ষণে চিড় ধরালেন, তাও গোল পেতে ব্যর্থ হলেন মাচেরানোর অসামান্য বাধায়। প্রথমার্ধে পার্সি বলের ছোঁয়া পেয়েছেন ১১ বার। রোবেন সবে ৬ বার!
ব্যর্থতার দায়টা হয়তো তাঁরা নিজেদের কাঁধেই নেবেন। এ রকম অনুজ্জ্বল পারফরম্যান্সে ‘অন্য কিছু’র গন্ধও পেতে পারেন কেউ কেউ। দুজনের মাঝে ব্যক্তিত্বের সংঘাত দলে প্রভাব ফেলে কি না, তা নিয়ে যে সন্দিহান ছিলেন অনেকেই। একসময় দুজনের মাঝে সম্পর্ক ঠিক সাপে-নেউলে না হোক, অন্তত বন্ধুসুলভ ছিল না। স্বার্থপর তকমা লেপটে থাকা রোবেনের প্রতি রীতিমতো ক্ষুব্ধ ছিলেন পার্সি। ২০১১-তে ব্রাজিল সফরে এসে রোবেনের এমন এক ‘কীর্তি’তে বলতে বাধ্য হয়েছিলেন, ‘অবিশ্বাস্য! সে আমাকে দেখল এবং সিদ্ধান্ত নিল নিজেই সুযোগটা নেবে। আমি সত্যিই কল্পনা করতে পারছি না, তার জায়গায় থাকলে আমিও একই কাজ করতাম কি না।’
রোবেন সেদিন মনে আঘাত পেয়েছিলেন। ধীরে ধীরে দুরূহ কোণ থেকে শট নেওয়া ছাড়াও গোল করানোর কাজটাও ভালোভাবে করতে লাগলেন রোবেন। বায়ার্ন মিউনিখের হয়ে ‘চোকার’ তকমা ঝেড়ে ফেলে বড় ম্যাচেও আলো ছড়ানোর ইঙ্গিত দিলেন। পার্সিও আর্সেনাল ঘুরে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে সাফল্যের ঝান্ডা উঁচুই রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর ‘শেষ’ করতে পারল না হল্যান্ড। ডাচ রূপকথার মঞ্চায়ন হলো না আবারও। পার্সি, রোবেনরা হয়তো একটু বেশি আবেগাক্রান্ত হয়েই বাড়ি ফিরবেন। আগামী বিশ্বকাপে দুজনের খেলার সম্ভাবনা যে খুবই কম—দুজনের বয়সই এখন ৩০! এএফপি।