এত কিছুর পরও কমল না বিদেশি!
গত মৌসুমে গোলরক্ষকসহ পাঁচজন করে বিদেশি ফুটবলার খেলিয়েছে দলগুলো। এত বিদেশির ভিড়ে স্থানীয় অনেক খেলোয়াড়ই চলে যান বেঞ্চে। এ নিয়ে বাফুফের ভেতর থেকেই বিদেশি কমানোর দাবি ওঠে। কিন্তু দাবিটা মানল না লিগ কমিটি।মোহামেডান এবার বিদেশি খেলোয়াড় নিবন্ধন চেয়েছে সাতজন, যাতে পাঁচজন খেলতে পারেন। শেখ জামালও বাড়াতে বলেছিল। কাল লিগ কমিটির সভায় চারজন নিবন্ধন করিয়ে চারজনকে খেলানো যাবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। গতবার বিদেশি গোলরক্ষক খেলিয়েছে মোহামেডানসহ দু-তিনটি ক্লাব। চারজন করে বিদেশি মাঠে নামিয়েছে বাকি সব দলই। এবারও তাই হচ্ছে। এত দিন বিদেশি খেলোয়াড় কমানো নিয়ে কত কথা হলো, কার্যত তা হলো অরণ্যে রোদন। সালাম মুর্শেদীর নেতৃত্বে এই কমিটি এবার তিনজন বিদেশির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে। সাবেক ফুটবলার ও বাফুফের সদস্য শেখ মোহাম্মদ আসলাম বলছেন, ‘বিদেশি খেলোয়াড়ে দেশ সয়লাব হয়ে গেলে তা দেশের ফুটবলের জন্য ভালো হবে না। সালাম মুর্শেদীর কথা, ‘আমরা সবদিক বিবেচনা করেই চারজন বিদেশির সিদ্ধান্ত দিয়েছি। তবে পরেরবার যাতে সমস্যা না হয়, তাই তিনজন করে বিদেশি নিবন্ধনের পাশে তিনজনকে মাঠে নামানোর অনুমতি দেব।’এদিকে কালকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, ছয়টি দল নিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর। ভেন্যু তিনটি—কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট। খেলা তিন রাউন্ড। দলবদল ২০-৩১ অক্টোবর। অবনমিত হবে একটি দল।