এত টাকা!
‘খেলা’র মানিকজোড় শব্দ হিসেবে ‘ধুলা’ বাদ দেওয়ার সময় বুঝি এসে গেল। এখন খেলাধুলা করে যে পরিমাণ টাকা আয় করার খবর মিলছে, ‘ধুলা’ ব্যাপারটি ঠিক ‘খেলা’র সঙ্গে যায় না। শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই ধরুন। বছরে তিনি আয় করেন ৬৮৮ কোটি ৪৩ লাখ টাকা! প্রতি মিনিটে রোনালদোর আয় ১৩ হাজার টাকারও বেশি!
এই আয়ের হিসাব জানিয়ে দেওয়ার বিখ্যাত যে সাময়িকী, সেই ফোর্বস ২০১৬ সালের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করল কাল। খেলা, শোবিজ মিলিয়ে বিশ্বের বিভিন্ন অঙ্গনের হাজারো তারকা কত আয় করলেন, সেটি নিয়ে প্রতিবছরই একটি প্রতিবেদন করে তারা। সেখানে সেরা ১০০-তে আছেন ৩৬ জন ক্রীড়াবিদ। সেরা দশে অবশ্য আছেন দুজন—রোনালদো ও লিওনেল মেসি।
তালিকায় ক্রীড়াবিদদের মধ্যে সবার ওপরে থাকলেও সব অঙ্গন মিলিয়ে চারে আছেন রোনালদো। বেতন ও বোনাস মিলিয়ে ৫৬ মিলিয়ন ও স্পনসরদের কাছ থেকে ৩২ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। মোট আয় ৮৮ মিলিয়ন। মেসি আয় করেছেন ৮১.৫ মিলিয়ন ডলার। বেতন দুজনের প্রায় কাছাকাছি, কিন্তু স্পনসরদের কাছে রোনালদোর তুলনায় মেসির কাটতি কিছুটা কম বলেই এই পার্থক্য।
এই তালিকা হাসি ফোটাতে পারে রজার ফেদেরারের মুখে। চার বছর আগে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতলেও ব্র্যান্ড হিসেবে এখনো কদর কমেনি। স্পনসরদের কাছ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থ প্রাপ্তি তাঁর। তবে খেলে আয় করেছেন মাত্র ৮ মিলিয়ন। নোভাক জোকোভিচের বছরে আয় ৫৬ মিলিয়ন ডলার।
সেই তুলনায় নেইমার-বেলদের অবস্থা ‘করুণ’। নেইমার আয় করেছেন ৩৭.৫ মিলিয়ন, আর বেলের আয় ৩৬ মিলিয়ন ডলার। বিশ্বসেরা অ্যাথলেট বললেই যাঁর ছবি চোখে ভাসে, সেই উসাইন বোল্টেরই জায়গা হয়েছে টেনেটুনে। ৩২.৫ মিলিয়ন ডলার আয় করে ‘বিদ্যুচ্চমক’ আছেন ৯১তম স্থানে (ক্রীড়াবিদদের মধ্যে ৩২তম)।
বিস্ময়ের ব্যাপার, ক্রীড়াবিদদের শীর্ষ দশে বক্সিংয়ের কেউ নেই। শুধু তা-ই নয়, সেরা ১০০-তে আছেন কেবল একজন বক্সার—ফ্লয়েড মেওয়েদার জুনিয়র। ৪৪ মিলিয়ন ডলার নিয়ে মেওয়েদার ৫৪তম। অথচ গত বছর ৩০০ মিলিয়ন ডলার আয় করে এই মেওয়েদার শুধু ক্রীড়াবিদ নন, তারকাদের মধ্যেই সবার ওপরে ছিলেন। গত বছর ২ মে লাস ভেগাসে ম্যানি প্যাকিয়াওয়ের সঙ্গে এক লড়াই লড়েই তো আয় করেছিলেন ২২০ মিলিয়ন ডলার!
ধনী ক্রীড়াবিদদের মাঝে বাস্কেটবল খেলোয়াড় ও গলফারের সংখ্যাটাই বেশি। ধনী ক্রীড়া তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ও কম বয়সী দুজনই কিন্তু গলফার। ৪৬ বছর বয়সী মিকেলসন ৫৩ মিলিয়ন আয় নিয়ে আছেন ৩৭তম স্থানে। একই পরিমাণ অর্থ আয় করেছেন ২২ বছর বয়সী জর্ডান স্পিথও। একসময়ের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ টাইগার উডসের অবনমন চলছেই, ৪৫.৫ মিলিয়ন ডলার নিয়ে ধনী তারকার মধ্যে ৫১-তে নেমে গেছেন। অথচ একসময় উডস ছিলেন ক্রীড়াবিদদের ‘বিল গেটস’।
আর ক্রিকেট? ক্রিকেটের কারও জায়গাই হয়নি সেরা ১০০-তে। গতবার ৮২তম হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার তিনি নেই, নেই আয়ে তাঁকে ছাড়িয়ে যাওয়া বিরাট কোহলিও।
বার্ষিকআয়েশীর্ষ১০ক্রীড়াতারকা
৬৮৮ কোটি টাকা
ক্রিস্টিয়ানো রোনালদো
পর্তুগাল
ফুটবল
৬৩৭ কোটি টাকা
লিওনেল মেসি
আর্জেন্টিনা
ফুটবল
৬০২কোটি টাকা
লেব্রন জেমস
যুক্তরাষ্ট্র
বাস্কেটবল
৫৩২ কোটি টাকা
রজার ফেদেরার
সুইজারল্যান্ড
টেনিস
৪৩৮কোটি টাকা
নোভাক জোকোভিচ
সার্বিয়া
টেনিস
৪৩৮কোটি টাকা
কেভিন ডুরান্ট
যুক্তরাষ্ট্র
বাস্কেটবল
৪১৫কোটি টাকা
ফিল মিকেলসন
যুক্তরাষ্ট্র
গলফ
৪১৫ কোটি টাকা
ক্যাম নিউটন
যুক্তরাষ্ট্র
রাগবি
৪১৫ কোটি টাকা
জর্ডান স্পিথ
যুক্তরাষ্ট্র
গলফ
৩৯১ কোটি টাকা
কোবি ব্রায়ান্ট
যুক্তরাষ্ট্র
বাস্কেটবল