এত দিন পর টেন্ডুলকারের ক্ষরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ বছরের দীর্ঘ ক্যারিয়ার। অথচ তাঁকে নিয়ে বিতর্ক-সমালোচনা হয়নি বললেই চলে। একবার বল টেম্পারিংয়ের অভিযোগ, আরেকবার উপহার হিসেবে পাওয়া ফেরারি গাড়িটার কর মওকুফের আবেদন নিয়ে সমালোচনা। এ ছাড়া শচীন টেন্ডুলকার নিজের ক্যারিয়ারে সযত্নে এড়িয়ে চলেছেন বিতর্কের মেঘ। টাকার লোভে যখন নামীদামি তারকারা বাজিকরদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, টেন্ডুলকার তখনো ছিলেন নির্মোহ।তবে এত দিন পরে এসে এই ব্যাটিং কিংবদন্তি স্বীকার করলেন, ম্যাচ পাতানোর ঝড় তাঁর ওপর ফেলেছিল নেতিবাচক প্রভাব। ১৯৯৯-২০০০ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। টেন্ডুলকার জানিয়েছেন, মানসিক বিপর্যয় নিয়েই ওই সফরে খেলেছিলেন তিনি।সাবেক দক্ষিণ আফ্রিকান বোর্ড সভাপতি ড. আলী বাখার সুপার স্পোর্ট চ্যানেলের হয়ে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন টেন্ডুলকারের। সেখানেই সর্বোচ্চ রানের মালিক বলেছেন, ‘একটা কথা বলে নিই, কেউ আমাকে কখনোই এ ধরনের কোনো প্রস্তাব দেয়নি। এসব নিয়ে টিম মিটিংয়েও আমরা কখনোই কোনো কথা বলিনি। কিন্তু মনে পড়ছে, ১৯৯৯-২০০০-এ একটা পর্যায়ে পরিস্থিতি আসলেই কঠিন হয়ে পড়েছিল। অস্ট্রেলিয়া সফর ছিল আমাদের। ওই সিরিজের আগেই এসব নিয়ে কথাবার্তা শুরু হলো।’ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে ক্রিকেটারদের ওপর মানুষের আস্থা কমে গিয়েছিল। ভালো খেলা, খারাপ খেলা—দুটোই স্বাভাবিক ঘটনা হলেও একটু খারাপ খেললেই মানুষ সন্দেহ করতে শুরু করল। ক্রিকেটার হিসেবে সেটি আক্রান্ত করেছে টেন্ডুলকারকেও, ‘ক্রিকেটার হিসেবে আমি তো কখনোই চাইব না এ ধরনের কিছু ঘটুক। আপনি চাইবেন আপনার প্রিয় খেলাটি যেন যথাসম্ভব পরিচ্ছন্ন থাকে। আমি চেয়েছি সন্দেহ নয়, দর্শক আমাদের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করুক। কিন্তু ভালোভাবে খেলতে হলে খেলোয়াড়টিকেও মানসিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। স্বীকার করছি, ওই সফরে আমি মানসিকভাবে সঠিক অবস্থায় ছিলাম না।’ওই অস্ট্রেলিয়া সফরে ৬ ইনিংসে ৪৬.৩৩ গড়ে ২৭৮ রান করেছিলেন টেন্ডুলকার। খারাপ নয়। কিন্তু ব্যাট হাতে পারফরম্যান্স নয়, টেন্ডুলকারের মন খারাপ করে দিয়েছিল দর্শকের সন্দেহমিশ্রিত চাহনি। বেদনাহত কণ্ঠে টেন্ডুলকার বলেছেন, ‘একটু খারাপ খেললেই লোকে আজেবাজে মন্তব্য করতে শুরু করল। এটা আমাকে সত্যিই ভীষণভাবে আহত করেছে; পুরো দলকেও।’এই পরিস্থিতি কাটিয়ে ওঠার দায়িত্ব যে তাঁদের ওপরই ছিল, টেন্ডুলকার সেটিও জানতেন। অপেক্ষা করছিলেন দুর্দান্ত একটা সিরিজের। পেয়েও গেছেন; ফিরতি সফরে অস্ট্রেলিয়া যখন খেলতে এল ভারতে। ঐতিহাসিক সেই টেস্ট সিরিজ পুরো মোড়ই ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করেন টেন্ডুলকার, ‘আমি ভালো করেই জানতাম, এসব ঘটনা ভুলিয়ে দিতে, খেলাটাকে ক্রিকেট-সমর্থকদের কাছে আবার উপভোগ্য করে তুলতে দারুণ পারফরম্যান্স করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঈশ্বরের কৃপায় আমরা সেটি করতে পেরেছি। মুম্বাইয়ে হেরে যাওয়ার পর খুবই বাজে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা কলকাতায় জিতেছি। সিরিজে সমতা ফিরিয়েছি। শেষ টেস্টটা তো আরও কঠিন ছিল। চেন্নাইয়ে সামান্য একটা লক্ষ্য তাড়া করতে গিয়ে আমরা ৮ উইকেট হারিয়ে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ও সিরিজ দুটোই জিতেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে এই ভেবে, ক্রিকেট-সমর্থকদের আমরা বাধ্য করেছি অতীতের সেই অন্ধকার অধ্যায়টি ভুলে ক্রিকেট উপভোগ করতে।’ ওই সময় বাজিকরদের দৌরাত্ম্য কতটা বেড়েছিল, সেটা বোঝাতে বাখার ভালো উদাহরণ দিয়েছেন। জুয়াড়িরা নাকি একসময় সরাসরি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকেও! ওয়েবসাইট।