এত দিন মাঠে নেই ফুটবল!
নিকোলা ইলিয়েভস্কির মুখে কথাটা হয়তো অজুহাতের মতো শুনিয়েছে, কিন্তু ভুল কিছু বলেননি ভদ্রলোক। ঘরোয়া ফুটবল না থাকায় প্রতিদ্বন্দ্বিতার মেজাজ হারিয়ে ফেলেছিলেন ফুটবলাররা। সাফ ফুটবলে তিন ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের লজ্জাজনক বিদায়ের কারণ তো ওটাও।তাহলে কী লাভ হলো ঘরোয়া ফুটবল বন্ধ রেখে! এই প্রশ্ন উঠছেই। গত জুনের শেষ সপ্তাহে শেষ হয়েছিল বাংলাদেশ লিগ। এরপর শুরু হওয়া সুপার কাপ শেষ হয় জুলাইতে। রমজান মাসের বিরতি দিয়ে সুপার কাপের সেমিফাইনাল, ফাইনাল হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে। সুপার কাপের সেমিফাইনাল-ফাইনাল ধরলে চার মাসেরও বেশি বন্ধ ঘরোয়া ফুটবল। তবে ওই তিনটি ম্যাচ বাদ দিলে ফুটবল মাঠের বাইরে কার্যত পাঁচ মাসেরও বেশি সময়।অথচ ১০ মাস ফুটবল মাঠে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি বাফুফের সভাপতি। তাঁর ব্যাখ্যা, ‘কোচ জাতীয় দলের সাফ প্রস্তুতির জন্য সময় চেয়েছিলেন। তাঁকে সময় দিতে গিয়েই খেলা পিছিয়েছে। ক্লাবগুলোকে রাজি করাতে কষ্ট হয়েছে, তবু করেছি শুধু কোচের চাহিদা মেটাতেই।’কোচ ইলিয়েভস্কি অবশ্য এটা অস্বীকার করে বলেছেন, ‘জাতীয় দলের জন্য ঘরোয়া লিগ বন্ধ রাখতে আমি বলিনি। ঘরোয়া লিগ চললে বরং খেলোয়াড়দের ফিটনেস ভালো থাকত এবং ফলাফলও ভালো হতো।’সারা পৃথিবীতেই দেখা যায়, একটা ফুটবল মৌসুম থেকে আরেকটা মৌসুমের মধ্যে বিরতি বড় জোর মাস তিনেক। বেশি দূরে যাওয়ার দরকার নেই, ভারতে একদিকে আই লিগ চলছে, আবার সাফ ফুটবলও খেলেছে জাতীয় দল। বাংলাদেশেই জাতীয় দলের খেলা মানে সব বন্ধ!এভাবে আর কত দিন? সাবেক ফুটবলার বাফুফের সদস্য শেখ মোহাম্মদ আসলামের মনেও প্রশ্নটা জাগছে, ‘মৌসুম শেষ হওয়ার দুই-আড়াই মাসের মধ্যে খেলা শুরু হওয়া উচিত। এভাবে চলতে পারে না। যে কারণেই এবার বড় বিরতি পড়ুক, এটা ফুটবলের ক্ষতিই করেছে। সাফের পারফরম্যান্সই সেই প্রমাণ।’বিস্ময়কর শোনালেও সত্য, মৌসুম সূচক ফেডারেশন কাপের সময়সূচি চূড়ান্ত হয়নি আজও! কেন? বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘জাতীয় দলের সাফ প্রস্তুতির কারণেই খেলা এবার দেরিতে শুরু হচ্ছে। ১৬ ডিসেম্বর মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান। এসব কারণে ২২-২৫ ডিসেম্বরের মধ্যে ফেডারেশন কাপের বাছাইপর্ব শুরু হবে। কাল (আজ) সভা আছে, সেখানেই সব চূড়ান্ত করব।’বাছাইপর্ব থেকে নেওয়া পাঁচটি দল যোগ দেওয়ার কথা বাংলাদেশ লিগের ১১ দলের সঙ্গে। ১৬ দল নিয়ে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্ব কবে শুরু হবে, সেটি ঠিক করতে না পারা পরিকল্পনাহীনতার চূড়ান্ত নিদর্শন। বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর এ বছর শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিও বাস্তব রূপ পায়নি। কাল দ্বিতীয় স্তরের প্রতিনিধিদের নিয়ে সেমিনার করা হয়েছে, যেটা হতে পারত অন্তত দুই মাস আগে।বাফুফেতে পেশাদারি আনার কথা বলেছিলেন সভাপতি সালাউদ্দিন। কিন্তু পেশাদারির আড়ালে সবই চলছে অপেশাদার ভঙ্গিতে। ফিফা-এএফসি পর্যন্ত দৌড়ঝাঁপ, বিদেশে সভা-সমিতিতে নিয়মিত অংশগ্রহণ চলছে কর্তাদের। কিন্তু ঘরোয়া ফুটবল নিয়ে তাঁদের আগ্রহটা কম দেখা যাচ্ছে। খেলা পাঁচ মাস বন্ধ মানে তো বেতনভুক্ত কর্মীদেরও কাজ নেই।কোচ শফিকুল ইসলাম (মানিক) এ অবস্থার বদল চান, ‘এবার জাতীয় দলের কারণে খেলা পেছানো হয়েছে, এটা একটা দিক। তবে বেশি দিন খেলা বন্ধ রাখা ফুটবলের জন্য খুবই ক্ষতিকর। আশা করি, ভবিষ্যতে এত লম্বা সময় খেলা বন্ধ থাকবে না।’