এত দিনে দ্বিতীয় স্তর নীতিমালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে এত দিনে নীতিমালা করার তাগিদ অনুভব করল লিগ কমিটি!আগ্রহী ক্লাবগুলোর সঙ্গে আগে তিনটি সভা হয়েছে। আটটি দলকে মনোনীত করে চূড়ান্ত অনুমোদনের জন্য বাফুফের নির্বাহী কমিটিতে সবকিছু যখন প্রায় শেষ, তখনই মনে পড়ল নীতিমালা করা দরকার।ক্লাবগুলোর সঙ্গে কাল চতুর্থবারের মতো সভায় বসে লিগ কমিটি। সভার পর ক্লাবগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছে, নীতিমালা তৈরি করে পাঠিয়ে দিলেই চলত। তখন নীতিমালা মেনে আগ্রহী দলগুলো তাদের সম্মতি জানাতে পারত।উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, সিলেট বিয়ানীবাজার, নারায়ণগঞ্জ শুকতারা, কক্সবাজারের কক্সসিটি, ঢাকার ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক ও বিজেএমসিকে দ্বিতীয় স্তরে খেলার জন্য মনোনীত করেছিল লিগ কমিটি। বিজেএমসি পরে তদবির করে সরাসরি বাংলাদেশ লিগে খেলার অনুমতি পেয়ে গেছে। এটি নিয়ে আপত্তি তুলেও ক্লাবগুলো বিজেএমসিকে আটকাতে পারেনি।বাকি সাত দলের সঙ্গে কাল ডাকা হয়েছিল উত্তরা, বারিধারা ও ওয়ারী ক্লাবকে। সভা শেষে বিয়ানীবাজারের সহসভাপতি সাইফুদ্দিন বলেন, ‘লিগ কমিটির কার্যক্রম আরও গোছানো ও পরিকল্পিত হওয়া উচিত।’ অগ্রণী ব্যাংকের রফিকুল ইসলামের কথা, ‘নীতিমালা আরও আগেই করা উচিত ছিল।’লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী পরে সাংবাদিকদের কাছে অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করেছেন, দুঃখও প্রকাশ করেছেন। নীতিমালা সম্পর্কে সালাম জানিয়েছেন, ‘আগামী বার থেকে কোনো দলকে কোনো অবস্থাতেই সরাসরি বাংলাদেশ লিগে সুযোগ দেওয়া হবে না।’সিদ্ধান্ত হয়েছে, এবার বাংলাদেশ লিগের ১১টি দলের তিনটি অবনমিত হবে। দ্বিতীয় স্তর থেকে উঠবে দুটি দল। পরের বাংলাদেশ লিগ থেকে ১০টি দল খেলবে স্থায়ীভাবে। দ্বিতীয় স্তর থেকে অবনমিত হবে দুটি দল। তারা ঢাকার দল হলে ঢাকার প্রথম বিভাগ খেলবে। প্রথম বিভাগ থেকে উঠবে দুটি দল। ঢাকার বাইরের দল অবনমিত হলে নিজ জেলা লিগে চলে যাবে। তবে জেলা লিগে খেলে কীভাবে ক্লাবটি দ্বিতীয় স্তরে আসবে, সেটি নিয়ে ধন্দ আছে। লিগ কমিটি বিষয়টি পরিষ্কার করতে পারেনি।জানানো হয়েছে, নীতিমালা ক্লাবগুলোকে সপ্তাহ খানেকের মধ্যে পাঠাবে লিগ কমিটি। সব শর্ত মেনে নেওয়া দলগুলো সুযোগ পাবে। খেলা এ বছরই শুরু হবে বলা হচ্ছে। তবে লিগ কমিটি এত দিনে যে অদক্ষতার পরিচয় দিয়েছে, তাতে এই লিগ শুরু করা নিয়ে সংশয় যাচ্ছে না।