এত দিনে পাপের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসকাস থ্রোতে সোনা জিতেছিলেন ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এই সাফল্যের কল্যাণে হল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদও হয়েছিলেন রিয়া স্টলম্যান। ৩১ বছর পর সাবেক এই অ্যাথলেট স্বীকার করলেন নিজের একটি পাপের কথা। পারফরম্যান্সে উন্নতির জন্য ক্যারিয়ারের শেষ দিকে নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহার করতেন, সেই সুবাদেই মিলেছিল ১৯৮৪ অলিম্পিকের ওই সোনার পদক।
এর পেছনে নাকি তৎকালীন পূর্ব জার্মানির অ্যাথলেটরাই দায়ী। অলিম্পিকের কয়েক বছর আগে পূর্ব জার্মানিতে গিয়েছিলেন, সেখানে গিয়েই দেখেন ডোপিংয়ের ‘মহোৎসব’। আশপাশে বিশাল বপু সব অ্যাথলেট ঘুরে বেড়াচ্ছেন আর তাঁকে অনায়াসে হারিয়ে দিচ্ছেন। ‘হারাতে না পারলে, যোগ দাও নীতি’তে বিশ্বাসী স্টলম্যান এর পর থেকে নিজেই ডোপ নিতে শুরু করেন।
তবে যে পূর্ব জার্মানির খেলোয়াড়দের হারানোর জন্য এত কিছু, সেই দেশটিই কিন্তু ওই অলিম্পিকে অংশগ্রহণ করেনি। সোনার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের লেসলি ডেনিজকে হারিয়েছিলেন স্টলম্যান। কিন্তু পাপের বোঝাটা আর বয়ে বেড়াতে পারছিলেন না বলে এত বছর পর ডোপ নেওয়ার কথাটা স্বীকারই করে ফেললেন ৬৪ বছর বয়সী ডাচ।
এমন স্বীকারোক্তির পরও পদক হারাতে হবে না তাঁকে। ডোপবিরোধী আইনের ফাঁকফোকরগুলো তিন দশক পুরোনো পাপের বিচার করতে দিচ্ছে না। এএফপি, রয়টার্স।