এত দিনে শারমিনের উচ্চতর প্রশিক্ষণ!
শ্যুটার শারমিন আক্তার জার্মানিতে এক মাস উচ্চতর প্রশিক্ষণ নেবেন। ১৯ বা ২০ মার্চ তাঁর ফ্রাঙ্কফুট যাত্রা। সেখানে অলিম্পিক একাডেমিতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে শারমিনের স্পনসর নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান জি-ফোর।শারমিন ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। তারপর যতটা সামনে এগোনোর কথা ছিল, ততটা এগোতে পারেননি। নানা কারণে মাঝখানে আড়ালে ঢাকা পড়েন। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ দলে জায়গাও হারিয়ে ফেলেন।তবে শারমিন ফিরে এসেছেন। অবশ্য স্কোরটা এখনো ওঠানামা করছে, মানে ধারাবাহিকতার অভাব আছে। বাংলাদেশের সব শ্যুটারই অবশ্য ভুগছেন ‘ধারাবাহিকতার অভাব’ নামের এক রোগে। সম্প্রতি জাতীয় এয়ারগান শ্যুটিংয়ে প্রথম হয়েছেন শারমিন; যদিও স্কোরটা ভালো নয়, ৪০০-তে ৩৮৭। এর চেয়ে অনেক ভালো স্কোর করেছেন আগে। সবাই খারাপ করেছেন, তার মধ্যে শারমিন ‘একটু ভলো’। এটা পাবনার মেয়ের জন্য মানসিক উজ্জীবনী শক্তিও।জার্মানিতে প্রশিক্ষণ নেওয়ার প্রসঙ্গে কাল শারমিন বলছিলেন, ‘অনেক দিন তো ক্যাম্প বন্ধ। অনেকটা পিছিয়ে পড়েছি। জার্মানিতে এই প্রশিক্ষণ নিতে পারলে ঘাটতিটা একটু কাটিয়ে ওঠা যাবে।’বিদেশের মাটিতে এটিই শারমিনের প্রথম প্রশিক্ষণ। মাঝে চীনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ এলেও যাননি। কারণ যা-ই থাকুক, বাংলাদেশের শ্যুটিংয়ে ধূমকেতুর মতো আগমনী বার্তা জানিয়ে আসা এই শ্যুটার নয় বছর পর কিনা উচ্চতর প্রশিক্ষণে বের হচ্ছেন!শারমিনের সৌভাগ্যই, জি-ফোরকে পাশে পেয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গেও তাঁর চুক্তিটা মাস তিনেক পর নাকি শেষ। পাঁচ বছর শেষ হওয়ার আগে জি-ফোর শারমিনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠাতে চেয়েছে, সেটিই এখন বাস্তবায়নের পথে।শ্যুটারদের মানোন্নয়নে ফেডারেশনের নিজস্ব কোনো উদ্যোগ নেই। তাই শ্যুটাররা ক্রমেই পিছিয়ে পড়ছেন। দীর্ঘ বিরতির পর শ্যুটাররা নিজেরা টুকটাক অনুশীলন শুরু করেছেন কয়েক দিন থেকে। তবে সেটি আন্তক্লাব প্রতিযোগিতাকে সামনে রেখে ক্লাবের তত্ত্বাবধানেই। আন্তক্লাব এ মাসে হওয়ার কথা ছিল। হরতালের কারণে এটি পিছিয়ে দেওয়ার একটা অজুহাত দাঁড় করাচ্ছে ফেডারেশন। এটা নাকি আগামী মাসে বাংলাদেশ গেমসের সঙ্গে একীভূত করা হবে।শ্যুটিংয়ে ক্ষমতার বদল হয়েছে মাস চারেক আগে। কিন্তু সামনে পা বাড়ানোর কোনো লক্ষণ নেই। নামমাত্র কার্যক্রম চলছে। এসব দেখে হতাশ শ্যুটাররা। একটা দেশে এক বছরেরও বেশি সময় প্রশিক্ষণ বন্ধ! এই যুগে এটা ভাবা যায়? অথচ পাশের দেশ ভারতের শ্যুটাররা পৃথিবীর নানা জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন।শারমিন বলছিলেন, ‘আমি যেখানে প্রশিক্ষণ নেব, সেখানে কদিন আগে শুনেছিলাম ভারতীয় দল আছে। এখন আছে কি না, জানি না। তবে আরও অনেক দেশের শ্যুটারই আছে। ওখানে আসিফ ভাই প্রশিক্ষণ নিয়েছেন।’পৃথিবী বসে নেই। শুধু বাংলাদেশই হাত-পা গুটিয়ে দিনাতিপাত করছে! তবু স্বপ্ন দেখেন শারমিন, ‘ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার আশা রাখি।’ এই ইচ্ছা পূরণে সরকারকে তো নয়ই, ফেডারেশনকেও পুরোপুরি পাশে পান না শারমিনরা। ফেডারেশন নিজেই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবু শারমিনদের জীবনে আলো জ্বালায় জি-ফোরের মতো প্রতিষ্ঠান!