এত দিনে শেখ জামালের জ্বলে ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধুরা, আমাদের কাজ শেষ হয়নি। এটি শুধুই একটা জয়। সামনে লম্বা পথ। কাজেই এই জয়ে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই।’হইহুল্লোড়ের মধ্যেও সতীর্থ পরিবৃত শেখ জামালের অধিনায়ক আমিনুলের শান্ত গলা। কিন্তু এই সন্ধ্যায় তো শান্ত থাকার সময় নয়! তাই প্রবল প্রতিপক্ষ আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে দেশের সবচেয়ে বড় বাজেটের দলটি ভাসল ঈদের আনন্দে!মৌসুমে আবাহনীর বিপক্ষে চতুর্থ সাক্ষাতে প্রথম জয়—শেখ জামাল পায়ের তলায় শক্ত জমিন পেল। ম্যাচ শেষে ক্লাব সভাপতি মনজুর কাদের জয়ের জন্য গোটা দলকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন! জানিয়ে রাখলেন, ৬ মে মুক্তিযোদ্ধাকে হারাতে পারলে দেওয়া হবে আরও ৫ লাখ।১২ ম্যাচে জামালের পয়েন্ট ২৭, আবাহনীর ২৬। ১১ ম্যাচে মুক্তিযোদ্ধার ২৮। কালকের এই গুরুত্বপূর্ণ জয়ে আবাহনীকে শুধু টপকেই যায়নি শেখ জামাল, শিরোপার দৌড়েও উঠে এসেছে।ফেডারেশন কাপের পর স্বাধীনতা কাপও জেতা যায়নি। মাথার ওপর কাগুজে বাঘের অপবাদ। বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বের এই প্রথম ম্যাচে আবাহনীর কাছে হার শেখ জামালকে শিরোপা লড়াই থেকেই ছিটকে দিত অনেক দূর। গোটা দলই তাই মাঠে নামল এটিই শেষ সুযোগ ধরে নিয়ে।সময়মতো জ্বলে উঠতে শেখ জামাল খেলেছে মাঠ বড় করে। সুযোগ কাজে লাগিয়েছে ষোলআনা। আবাহনীর প্লে-মেকার ইব্রাহিমকে বোতলবন্দী করে রাখতে পেছনে লেলিয়ে দেয় ক্যামেরুনের ডিফেন্সিভ মিডফিল্ডার স্টিভকে। প্রথমার্ধটা ইব্রাহিম নড়তেই পারেননি সেভাবে। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমকে ওপরে তুলে আনলে আবাহনীর আক্রমণের গতি বাড়ে। কিন্তু এই জামালকে হারাতে সেটি যথেষ্ট ছিল না।ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ১-১। ফাইনালে ৫-৩ জয়। বাংলাদেশ লিগের প্রথম পর্বে ০-০। ‘জামালের বিপক্ষে হারিনি’—আবাহনীর একটা অহংকার ছিল। কিন্তু কালকের আবাহনীকে প্রথমার্ধে ভীতসন্ত্রস্ত দলই মনে হয়েছে।আবাহনীর ইরানি কোচ আলী আকবর হতাশ। দলের খেলায় খানিক বিরক্তও, ‘প্রথমার্ধে আমার দল ভীষণ ভীত ছিল মাঠে। দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। খেলোয়াড়দের এই মানসিকতার পরিবর্তন আনতে পারছি না।’ম্যাচের শুরুতেই আবাহনীর অনুকূলে স্কোরলাইন হতে পারত ২-০, অন্তত ১-০ তো বটেই। উল্টো নবম মিনিটে তরুণ গোলরক্ষক সোহেলের হাত ফসকে বল বেরিয়ে গেলে ক্যামেরুনিয়ান স্ট্রাইকার লোগাবোগার শটে শেখ জামাল এগিয়ে যায় (১-০)।আগের দিন অনুশীলনে নাইজেরিয়ার ফরোয়ার্ড ফেমির দিয়ে কর্নার এবং ক্রস অনুশীলন করিয়েছেন শেখ জামাল কোচ পাকির আলী। তারই ফসল হিসেবে ৩০ মিনিটে ফেমির কর্নারে ডিফেন্ডার আরিফুলের হেডে হয় ২-০। নিজের সাবেক দলের বিপক্ষে পরিকল্পিত এই জয় শ্রীলঙ্কান কোচকে আপ্লুতই করল ম্যাচের পর, ‘আবাহনীর বিপক্ষে জয় অবশ্যই আমার কাছে বিশেষ কিছু।’৬৫ মিনিটে ইব্রাহিমের শট ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে এলে ফ্রাঙ্কের টোকায় আবাহনী ২-১ করে ফেলে। কিন্তু বদলি হিসেবে নামা এনামুল আবাহনী গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ৩-১ করে দেন। আবাহনী মাথা নিচু করেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছে। আবাহনীকে এমন চেহারায় খুব বেশি দেখা যায় না।শেখ জামাল: আমিনুল, আরিফুল, নাসির (রেজাউল), সুজন, মিশু, ইমানুয়েল (এনামুল), লোগাবোগা, ফেমি (কমল), মামুন, শাকিল, স্টিভ টমাস।আবাহনী: সোহেল, সামাদ, আমিনু, মামুন মিয়া, সিরাজী, প্রাণতোষ (রবিন), লিংকন, অরূপ (সোহাগ), উজ্জ্বল (রনি), ইব্রাহিম, ফ্রাঙ্ক। আজকের খেলা: চট্টগ্রাম আবাহনী-ঢাকা মোহামেডান (বিকেল ৪টা, কক্সবাজার স্টেডিয়াম)।