এত পেয়েও অতৃপ্ত শচীন!
ক্যারিয়ারে কোন অপ্রাপ্তিটা আছে শচীন টেন্ডুলকারের? ক্ষণিক ভেবে প্রশ্নটার উত্তর দেওয়া যে কারও জন্যই কঠিন। প্রশ্নটা কঠিন মনে হতে পারে খোদ শচীনের কাছেও। অনেক ভেবেচিন্তে কোনো অপ্রাপ্তি হয়তো বের করা যাবে, কিন্তু অন্যরা উড়িয়ে দেবেন উত্তরটা—দূর! ক্যারিয়ারে এত এত প্রাপ্তির মধ্যে এটা কোনো অপ্রাপ্তি হলো?সত্যিই, ক্রিকেটের এমন কোনো জায়গা নেই, যেখানটায় আঁচড় দেননি শচীন টেন্ডুলকার। ব্যাটসম্যানদের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। অন্যরা যখন তাঁর অর্জন দেখে রীতিমতো ঈর্ষান্বিত, তখন শচীনের মনোভাবটা কী, জানেন? এখনো নিজের ক্যারিয়ার নিয়ে তুষ্ট নন এই লিটল মাস্টার!বিধাতা যাঁকে দুই হাত ভরে দিয়েছেন, সেই শচীনের মুখে এমন কথা! রাগে শচীনকে ‘অকৃতজ্ঞ’ বলে গালি দিতে পারেন অনেকে। বাস্তবতা হলো, মানুষের সহজাত প্রবৃত্তিটাই তুলে ধরেছেন এই ব্যাটিং কিংবদন্তি। মানুষ কখনোই সন্তুষ্ট হয় না—যত পায়, ততই চায়।‘আমার ক্যারিয়ার নিয়ে এখনো তৃপ্ত হতে পারিনি আমি। যা করেছি, তা দিয়ে তৃপ্ত হওয়ার মতো যথেষ্ট নয়।’ স্কাই স্পোর্টস ম্যাগাজিনকে বলেছেন শচীন। নিজের বক্তব্যের একটা দার্শনিক ব্যাখাও দাঁড় করিয়েছেন শচীন, ‘যখন আপনার মধ্যে কোনো কিছুতে তৃপ্ত হওয়ার অনুভূতি কাজ করবে, তখনই আপনি নিচের দিকে নামতে থাকবেন।’বয়স হয়ে গেছে ৩৮। সমবয়সী প্রায় সবাই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। তবে ক্রিকেটকে বিদায় জানানোর বিষয়টি এখনো ভাবতে পারেন না শচীন, ‘আমি ক্রিকেটকে এখনো আগের মতোই ভালোবাসি। ক্রিকেটই আমার প্রাণ। ক্রিকেটের মতো অন্য কোনো কিছুই আমাকে উত্সাহ জোগাতে পারে না। কিশোর বয়স থেকে আমি দেশের হয়ে খেলতে চেয়েছি। আমার সেই স্বপ্নটা এখনো আছে।’ ওয়েবসাইট।