এত বেশি দর্শক, এত কম রান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওফ বয়কট রীতিমতো তুলোধুনো করেছেন। কেভিন পিটারসেন নাকি একটুও ভাবেন না দলের কথা। সমালোচনার পাল্টা জবাব দিয়ে পিটারসেন গতকালই বলেছেন, কিছুতেই নিন্দুকের দাবি মেনে নিয়ে নিজের আক্রমণাত্মক খেলার ধরন তিনি পাল্টাবেন না।

সেই পিটারসেনই আজ বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ইংল্যান্ডের আশার শেষ ভরসাস্থল হয়ে ৬৭ রানে অপরাজিত। শেষ স্বীকৃত ব্যাটসম্যান তিনিই। ২১৬ রান তুলতেই যে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত প্রথম দিনটা তারা শেষ করেছে ওই ৬ উইকেটেই ২২৬ রান নিয়ে। সারা দিনই খোলসের ভেতরে ঢুকে থাকা ইংল্যান্ড ওভারে মাত্র ২.৫৩ করে রান তুলেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দর্শকের নতুন বিশ্ব রেকর্ড হয়েছে। ৯১ হাজার দর্শক আজ ছিলেন মাঠে। বলা হচ্ছে, টেস্ট ইতিহাসে এত বেশি দশর্ক এত কম রান তোলার ঘটনা আগে কখনো দেখেনি!

‘খেলার ধরন পাল্টাব না’ প্রতিজ্ঞা করা পিটারসেনই কিন্তু ৬৭ রান করেছেন ১৫২ বল খেলে। স্ট্রাইক রেট ৪৪.০৭। তাঁর ফিফটির ইনিংসগুলোর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের একটি ইনিংস। এর চেয়ে ধীর গতির ফিফটির ইনিংস তাঁর আছে মাত্র পাঁচটি। মেরেছেনও মাত্র ৪টি চার। যে পিটারসেন দলের কথা ভাবেন না বলে বহুবার অভিযোগ উঠেছে, সেই তিনিই পরিস্থিতির দাবি মেনে ব্যাটিংয়ে আশ্চর্য মৌনব্রত নিয়েছেন।

ব্যাটিংয়ে নেমেছিলেন দুই ওপেনার বিদায় নেওয়ার পর। সফরে দ্বিতীয়বারের মতো ফিফটির ওপেনিং জুটি পাওয়া থেকে মাত্র দুই রান দূরে থাকতে ফিরেছেন ২৭ রান করা অ্যালিস্টার কুক। ৩৮ করা মাইকেল কারবেরি ফিরেছেন দলীয় ৯৬ রানে। পিটারসেন উইকেটে আসার পরই দেখেছেন চার সতীর্থের আসা-যাওয়া। এর মধ্যে চতুর্থ উইকেটে ইয়ান বেলের সঙ্গে ৬৭ রানের জুটিটা ছাড়া আর জমেনি কারও সঙ্গেই। রায়ান হ্যারিস ফিরিয়েছেন জো রুট আর ইয়ান বেলকে, মিচেল জনসনের জোড়া শিকার বেন স্টোকস আর জনি বেয়ারস্টো। ২১৬ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড আবার খাদের কিনারে।

টেলএন্ডারদের নিয়ে পিটারসেন কতটা লড়াই চালাতে পারেন, সেটাই এখন দেখার। এটা পাল্টা জবাব দেওয়ার সুতীব্র বাসনাও ঝিলিক দিয়ে যাচ্ছে পিটারসেনের ব্যাটে। সঙ্গে আছেন টিম ব্রেসনান। 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ২২৬/৬ (পিটারসেন ৬৭*, কারবেরি ৩৮, কুক ২৭, বেল ২৭, রুট ২৪, স্টোকস ১৪, বেয়ারস্টো ১০, ব্রেসনান ১*; হ্যারিস ২/৩২, জনসন ২/৫৯, সিডল ১/৪৮, ওয়াটসন ১/১১)।