এত ভোগান্তির পরও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের সাক্ষী হতে হবে। ৬০০ টাকার টিকিট চার হাজার টাকা করে কিনেও তাই গা জ্বলছিল না। নর্দান প্লাজায় ঢুকে জুয়েল স্ট্যান্ডের ১৮ নম্বর গেট খুঁজছিল চার তরুণের দলটা। গেটটা দেখিয়ে দিতেই ‘বাংলাদেশ বাংলাদেশ’ করতে করতে চলে গেল সেদিকে।বাংলাদেশ দলের এশিয়া কাপের ফাইনালে ওঠায় সবাই খুশি। ক্রিকেটপ্রেমীরা এ দেশের ক্রিকেট আরেকটু এগিয়ে গেল বলে খুশি, নিজের দেশকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখার আনন্দ তো আছেই। দারুণ খুশি টিকিট কালোবাজারিরাও।কালোবাজারে ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছিল পরশু থেকেই। বিসিবি অফিস ঘুরে দেখা গেছে, বোর্ডের অনেক কর্মকর্তাই শেষ মুহূর্তে নিকটজনের চাহিদা মেটাতে কালোবাজার থেকে টিকিট কেনার পথ খুঁজছেন। পথ ছিল হাতের কাছেই। গোপন পথে টিকিট কিনতে হলে কার কাছে যেতে হবে, ২০০ টাকার টিকিট দুই হাজার টাকা, ৬০০ টাকার টিকিট ২-৩-৪ হাজার টাকা—সব তথ্য জানা ছিল বিসিবিরই অনেক অধস্তন কর্মচারীর!কালোবাজারিদের লাভের দরজা কাল ম্যাচের দিন আরও প্রসারিত হলো। মাঠে বাংলাদেশ ভালো খেলছে আর মাঠের বাইরে হু হু করে বাড়ছে টিকিটের দাম। প্লাজা এলাকায় একজনকে পাওয়া গেল, যিনি মাত্রই সাড়ে তিন হাজার টাকা করে দুটি ক্লাব হাউস টিকিট কিনবেন বলে রফা করে এসেছেন এক কালোবাজারির সঙ্গে। কাছেই দাঁড়িয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাহার ছোট ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ‘ছোট ভাই একটা টিকিট পেয়েছে। খেলা দেখতে আসছে। বাইরে নাকি অনেকেই ব্ল্যাকারদের কাছ থেকে তিন-চার গুণ দামে টিকিট কিনছে’—বলছিলেন ওই তরুণ।গাঁটের পয়সা খরচ করেও স্বস্তিতে খেলা দেখার উপায় ছিল না। ক্লাব হাউস উত্তর গ্যালারিতে গিয়ে দেখা গেল, সিটে বসা দর্শকের মতো দাঁড়িয়ে থাকা দর্শকও কম নেই। সেনানিবাস এলাকা থেকে আসা মাহমুদ তাদেরই একজন। ‘বসে খেলা দেখছেন না কেন’ জিজ্ঞেস করতেই বললেন, ‘বসব কোথায়! আমার সিটে আরেকজন বসে আছে।’ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সমীরণের একই অভিজ্ঞতা হয়েছে নর্দান গ্যালারিতে। তবে এর চেয়েও গুরুতর অভিযোগ, একাধিক দর্শকের কাছে ছিল একই সিট নম্বরের টিকিট! এশিয়া কাপে জাল টিকিটের অভিযোগটা কি তাহলে সত্যি!বিশ্বকাপে গ্যালারিতে চেয়ার বসেছে। টিকিট বিক্রি হয় সিট নম্বর দিয়ে। তার পরও এসব সমস্যা বিস্ময়কর। শুধু ক্লাব হাউস গ্যালারি নয়, এই সমস্যা ছিল অন্য গ্যালারিতেও। মোটা অঙ্কের ‘সম্মানী’ পাওয়া ‘স্বেচ্ছাসেবক’দের কাছে অভিযোগ নিয়ে গিয়েও সমাধান মেলেনি কোনো। এসব দেখা নাকি তাঁদের দায়িত্ব নয়!তবে বিসিবির টিকিট অ্যান্ড সিটিং কমিটির প্রধান জি এস হাসান ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন এসব সমস্যার, ‘যারা আগে এসেছে, তারা সিট নম্বর না দেখেই গ্যালারিতে বসে গেছে। পরে এসে অনেকে সিট না পেয়ে আমাদের লোকদের কাছে অভিযোগ করেছে। কিন্তু আগে বসে যাওয়া কোনো দর্শক সিট ছাড়তে রাজি হয়নি।’ একই সিট নম্বরের একাধিক টিকিট সম্পর্কে তাঁর বক্তব্য, ‘এ রকম দু-একটা ক্ষেত্রে হয়েছে। হয়তো ভুলক্রমেই একই নম্বর একাধিক টিকিটে ছাপা হয়ে গেছে।’এত ঝক্কির মধ্যে খেলা দেখা দর্শকদের ‘সান্ত্বনা’, তারা প্রশংসা পেয়েছে জি এস হাসানের, ‘অনেক সমস্যা ছিল। তবে আমাদের দর্শকেরা অনেক স্পোর্টিং। এসবের মধ্যেই তারা সুন্দরভাবে খেলা দেখেছে।’ তবে সবচেয়ে বড় সান্ত্বনা হতে পারত বাংলাদেশের জয়। খেলা দেখার কষ্টটাও তখন মধুর স্মৃতি হয়ে থাকত।