এত রক্ষণাত্মক কেন!
বিশ্বকাপে আসার পর থেকেই উত্তর কোরিয়া নিজেদের মুড়ে রেখেছিল রহস্যের জালে। অচেনা একটা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে হবে বলে কিছুটা চিন্তিতই ছিল ব্রাজিল দল। একটা রক্ষণাত্মক দলের মুখোমুখি হতে হবে এটা আঁচ করেছিলেন ব্রাজিল কোচ দুঙ্গাও। তবে মাঠে নেমে উত্তর কোরিয়ার অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলে খেলা শেষে বিরক্তিই প্রকাশ করেছেন ব্রাজিলীয় খেলোয়াড়েরা। তাঁরা জানতেন, উত্তর কোরিয়া রক্ষণাত্মক খেলবে। তাই বলে এতটা? এমন রক্ষণাত্মক একটি দলের বিপক্ষে নিজেদের পুরোপুরি মেলে ধরা যায় না বলে মন্তব্য করেছেন কয়েকজন ব্রাজিলীয় খেলোয়াড়ও।গোলের খেলা ফুটবল। এর মধ্যেই ফুটবলের সব সৌন্দর্য নিহিত। কিন্তু মাঠে খেলতে নেমে কোনো দল যদি গোল দেওয়ার চেয়ে না খাওয়ার কৌশল অবলম্বন করে, তাহলে খেলাটি বিরক্তিকর হয়ে উঠতে বাধ্য। মঙ্গলবারের ম্যাচে উত্তর কোরিয়া যেন গোল ঠেকানোর প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিল। গোলের নেশায় একের পর এক আক্রমণ করেও ব্রাজিল গোল পেয়েছে মাত্র দুটি।উত্তর কোরিয়ার রক্ষণাত্মক কৌশলে যারপরনাই বিরক্ত স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো। তিনি বলেছেন, ‘মঙ্গলবারের ম্যাচে ব্রাজিলীয় ফরোয়ার্ডদের খুব কঠিন একটি সময় পার করতে হয়েছে। উত্তর কোরিয়ার রক্ষণভাগে ডিফেন্ডারদের ভিড় এত বেশি ছিল যে বল নিয়ে এগোনোই যাচ্ছিল না।’ব্রাজিলের ফরোয়ার্ডরা বিরক্ত হতে পারেন গোল করতে না পেরে, কিন্তু দলের গোলরক্ষক হুলিও সিজারের নাকি বিরক্ত ধরে যাচ্ছিল নিজেদের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে। ‘এ ধরনের দলের বিপক্ষে খেলা খুবই বিরক্তিকর, কারণ আপনাকে তো সব সময় আক্রমণের সুযোগ তৈরি করতে হবে। উত্তর কোরিয়া আমাদের আক্রমণ কেবল ঠেকিয়েই যাচ্ছিল।’ বলছিলেন সিজার।বিশ্বকাপে ব্রাজিলের বাকি দুটি ম্যাচ পর্তুগাল ও আইভরিকোস্টের বিপক্ষে। ‘গ্রুপ অব ডেথে’ সবচেয়ে দুর্বল দল উত্তর কোরিয়ার বিপক্ষে জিততেই ব্রাজিলের কাল ঘাম ছুটে গেছে। শক্ত প্রতিপক্ষ হিসেবে পর্তুগাল ও আইভরিকোস্টের বিপক্ষে ব্রাজিলের কপালে কী আছে তা ভেবেই কিছুটা শঙ্কিত ব্রাজিল সমর্থকেরা। তবে ব্রাজিলীয় খেলোয়াড়েরা পর্তুগাল ও আইভরিকোস্টের শক্তি নিয়ে ভাবছে না। তাঁদের একটাই আশা, ওই দল দুটি উত্তর কোরিয়ার মতো অতি রক্ষণাত্মক যেন না হয়!