এত সহজেই সোনা আসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগী তিনজন। দুজন বাংলাদেশের, একজন আফগানিস্তানের। তার মানে সোনা না হোক, রুপা-ব্রোঞ্জ নিশ্চিত ছিল বাংলাদেশের। আর ভালো করতে পারলে সোনাও চলে আসতে পারে, সমীকরণটা ছিল এমনই। শেষ পর্যন্ত সহজেই প্রথম দুটি পদক জিতে নিল বাংলাদেশ।জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে ৭৭ কেজি ওজন শ্রেণীর প্রতিদ্বন্দ্বিতা শুরুর পরই উচ্চারিত হতে থাকে, ‘গোল্ড-সিলভার’ দুটিই জিতবে বাংলাদেশ। একটা সময় তো বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওজন তুলবেন কে, সেটি নিয়েই ঝগড়া বেধে যায় অন্দরমহলে। মনোরঞ্জন শীল চান তিনিই সবচেয়ে বেশি ওজন তুলবেন। ওদিকে অভিজ্ঞতা ও আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে সুযোগ দেওয়া হলো হামিদুল হককে—হামিদুলই হয়ে গেলেন দুপুরবেলার নায়ক।দক্ষিণ এশীয় গেমসের ইতিহাসে এটা সম্ভবত রেকর্ড যে, একই ইভেন্টে সোনা-রুপা দুটিই পেল বাংলাদেশ। এ দেশের গোটা ক্রীড়াঙ্গনের কাছেই যেখানে সোনা দুর্লভ এক বস্তু, সেখানে এই সোনাটি কত সহজে হাতের মুঠোয়!গেমস ভারোত্তোলনে এবার ৮টি ইভেন্টের মধ্যে একটি দেশ খেলতে পারবে সর্বোচ্চ ৬টিতে। এটা করতে গিয়ে ইভেন্ট পছন্দ-অপছন্দ করার সুযোগ চলে আসছে। তবে আগের মতো জমছে না ভারোত্তোলন। কোনো কোনো ইভেন্টে তিনজন প্রতিযোগিতা করছেন। কোনোটিতে চারজন। যা-ই হোক, নিজেদের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভারত সম্ভবত ৭৭ কেজিতে অংশ নেয়নি, এটা বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দিয়েছে আরও। হামিদুল-মনোরঞ্জনের কৃতিত্ব অবশ্য তাতে মোটেও খাটো হয় না। কে খেলল আর কে খেলল না, সেই হিসাবের চেয়ে সোনা অনেক মূল্যবান।হামিদুল-মনোরঞ্জনরা নিজেদের সেরা পারফরম্যান্সের চেয়ে অন্তত ১০-১২ কেজি কম তুলেছেন এদিন। এমনকি হামিদুল তো এসএ গেমসে এই ইভেন্টে গতবারের সোনাজয়ী পাকিস্তানি প্রতিযোগীর চেয়ে এবার সব মিলিয়ে ১৪ কেজি কম তুললেন! সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় ৭৭ কেজি ওজন শ্রেণীতে তিনি ক্লিন অ্যান্ড জার্কে তুলেছিলেন ১৫০ কেজি, গেমসের আগে অনুশীলনে তোলেন ১৫২ কেজি। সেই হামিদুল কাল ১৪০ কেজি তুলেই ইতিহাস গড়লেন!মনোরঞ্জন তুলেছেন ১৩৫ কেজি। আফগান ভারোত্তোলক মোস্তফা কাম্মা ১১০ কেজি তুলেছেন। স্ন্যাচে হামিদুল ১১৭ (ক্যারিয়ার-সেরা ১১৫), মনোরঞ্জন ১২০ কেজি ও আফগান প্রতিযোগী মাত্র ৯০ কেজি তুলেছেন। এই পরিসংখ্যানই জানাচ্ছে, লড়াইটা ছিল বাংলাদেশের দুজনের মধ্যেই।২০০৪ ইসলামাবাদ গেমসে রুপা, গত কলম্বো গেমসে ব্রোঞ্জ, সর্বশেষ কমনওয়েলথ গেমসে পঞ্চম—হামিদুলের এত দিনকার সাফল্যের সবই ছিল ৬২ কেজি ওজন শ্রেণীতে।মেহেরপুরের গাংনীতে মোয়াজ্জেম হোসেন জিমন্যাস্টিকস ক্লাব থেকে উঠে আসা, নিজের আরও দুই ভাইকে ভারোত্তোলনে নিয়ে আসা—সবই স্বপ্নের মতো লাগছে হামিদুলের কাছে। পরশু ভারোত্তোলনে রুপাজয়ী একরামুল হক তাঁরই ভাই। ভারোত্তোলন নিয়ে কথা বলতে গিয়ে পেছনে ফিরে যান হামিদুল, ‘বডি কন্ডিশন ভালো ছিল...তাই কোচ মোয়াজ্জেম ভাই এক দিন বললেন, ভারোত্তোলন করো। ওভাবেই ভারোত্তোলক হলাম।’ক্ষোভ ঝড়ে পড়ল একটু পরই, ‘১৯৯৪ থেকে টানা জাতীয় চ্যাম্পিয়ন আমি কিন্তু আমি বা আমরা যা আয় করি, সঞ্চয় হয় না, বডিই আমার সঞ্চয়। আমাদের একক ইভেন্টগুলোকে সম্মানজনক চোখে দেখা হয় না। সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে যাই। সরকারের কাছে অনুরোধ, একক ইভেন্টগুলোর দিকে যাতে নজর দেওয়া হয়।’দেশকে প্রথম সোনা উপহার দিয়েছেন, খুব ভালো তো লাগবেই। এর সঙ্গে যোগ করলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে উত্সাহ দিয়েছিলেন, এটা তারই ফল। আশা করি, এটা অব্যাহত থাকবে।’ এখন আর কী চাওয়ার আছে তাঁর? ‘এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমসে যেতে চাই। উন্নত প্রশিক্ষণ চাই’—বলে যান হামিদুল। কৃতিত্ব দেন ফেডারেশনকে, ‘এই সোনাটার জন্য ফেডারেশন সেক্রেটারি মহিউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাই। ১৯৯২ সালে আমি প্রথম আসার পর উনি আমাকে বলেছিলেন, বাবা, তুই খেলা ছাড়িস না। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। এ ছাড়া কোচ বুলু ভাই, শহিদুল ইসলাম চৌধুরীর নাম বলব।’ ধন্যবাদ দিলেন সতীর্থদের, ‘বিদ্যুত্-ফিরোজ সবার সঙ্গে অনেক দিন ধরে খেলছি। তাদের ধন্যবাদ।’জীবনসংগ্রাম চলছে নিরন্তর, সেনাবাহিনীর কেএমকিসের বেসামরিক চাকরিজীবী। সবকিছু পেছনে ফেলে কাল হামিদুল সবার মাথার মণি। তাঁর সৌজন্যে জাতীয় সংগীত বেজেছে, যেটা শোনার জন্য ব্যাকুল ছিল সবাই!