এত স্ট্রাইকারের ভিড়ে...
ডিফেন্ডারদের কাজটাই এমন। ভালো করলে নাম শোনা যায় না। নাম আলোচনায় আসে শুধু ভুল-ভাল করে ফেললে। কিন্তু গ্যাব্রিয়েল হেইঞ্জ ভুল না করেই আলোচনায় এলেন। লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজরা পারেননি। এমনকি অ্যাঙ্গেল ডি মারিয়া, হুয়ান সেবাস্টিয়ান ভেরনরাও যা পারলেন না সেই কাজটা করে ফেললেন হেইঞ্জ। আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে একমাত্র গোলটা মার্শেইয়ের এই ডিফেন্ডারের।তখনো বোঝা যায়নি যে আর্জেন্টাইন আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচজুড়ে কী পরিমাণে মিস করতে যাচ্ছেন। খেলার মাত্র ছয় মিনিট। কর্নারের বিনিময়ে মেসির শট ঠেকিয়েছিলেন নাইজেরিয়ান গোলরক্ষক। সেই কর্নার শট নিলেন ভেরন। মুহূর্তে একটু ফাঁকা জায়গায় চলে গেলেন হেইঞ্জ। নিচু হয়ে আসা কর্নার শটে শূন্যে ভেসে মাথা ছোঁয়ালেন—গোল!ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার নিজে খুবই খুশি গোলটা করতে পেরে। বেশি খুশি দলের সবার রাতের ঘুম নিশ্চিত করতে পেরে, ‘আমি খুবই খুশি যে গোলটা করে জয় নিশ্চিত করতে পেরেছি। এই জয়ে আমাদের রাতের ঘুমটা অন্তত ভালো হবে। আসলে একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলাম। ক্রসটা আসছে দেখেই একেবারে বলের ওপর নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম।’সবই ঠিক আছে। কিন্তু তারকাখচিত স্ট্রাইকাররা থাকতে একমাত্র গোলটা হেইঞ্জের করতে হবে কেন? কোটি টাকার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই এখন ম্যারাডোনা খুঁজে বেড়াচ্ছেন। এএফপি।