এতেই খুশি দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য দলের হলে তিনি হয়তো পেতেন মহানায়কের মর্যাদা। কিংবা ভারতের হয়েও যদি খেলতেন অন্য কোনো যুগে। কিন্তু শচীন টেন্ডুলকারের সময়ে ওই দলের আর কারও মহানায়ক হওয়ার সুযোগ কোথায়! ক্রিকেট ইতিহাস তাঁকে রাখবে গ্রেটদের দলে, কিন্তু নিজ দলে রাহুল দ্রাবিড় বরাবরই পার্শ্বনায়ক।এই টেস্ট শুরুর আগেও যথারীতি তা-ই ছিলেন। লর্ডসে টেন্ডুলকারের সেঞ্চুরির আক্ষেপ ঘোচানো নিয়ে কত আলোচনা, দ্রাবিড়ের কথা কি একজনেরও কণ্ঠে বা কলমে উঠে এসেছে? সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার পর কিংবা হয়ে যাওয়ার পরই হয়তো অনেকেরই খেয়াল হলো, দ্রাবিড়েরও তো লর্ডসে এটা প্রথম সেঞ্চুরি! বিরল একটা ঘটনাও ঘটে গেল। দারুণ এক সেঞ্চুরিতে ফলোঅন বাঁচালেন। টেন্ডুলকারের মঞ্চে নায়ক দ্রাবিড়!কিন্তু এই যে ক্যারিয়ারজুড়ে টেন্ডুলকারের আড়ালে ঢাকা পড়ে থাকতে হয়েছে, কখনো খারাপ লাগেনি? বরাবরের বিনয়ী দ্রাবিড় জানালেন, এটা বরং উপভোগই করেন তিনি, ‘আলোচনা সব সময় শচীনকে নিয়েই হয় এবং সেটাই ঠিক। ও হলো খেলাটার সত্যিকারের কিংবদন্তি। ৯৯ সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছে...সবকিছুই ছিল ওর জন্য প্রস্তুত। আর আড়ালে থাকাটা আমাকে মানিয়ে যায়। নীরবে আমি নিজের কাজটা করে যেতে পারি।’‘হোম অব ক্রিকেটে’ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ ঘুচল। বহুদিন বয়ে বেড়ানো একটা বোঝাও হালকা হলো। ১৯৯৬ সালে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এই লর্ডসেই তাঁর অভিষেক। সৌরভ সেঞ্চুরি করলেও সাতে নামা দ্রাবিড় ফিরে গিয়েছিলেন ৯৫ রানে। ক্রিস লুইসের নিরীহ এক বলে খোঁচা দিয়ে শেষ হয়ে গিয়েছিল নার্ভাস দ্রাবিড়ের স্বপ্ন। সেই আক্ষেপ কি এবার কিছুটা ঘুচল? ‘অভিষেক টেস্টে এই মাঠেই সেঞ্চুরি না পাওয়াটা সব সময়ই আমার ভেতরে থেকে গেছে। এমন নয় যে এবারের সেঞ্চুরিটা না হলেও সবকিছু শেষ হয়ে যেত। কত মাঠেই তো আমি সেঞ্চুরি পাইনি। কিন্তু মনের এক কোণে ঠিকই ছিল যে হয়তো এটাই শেষ সুযোগ। যে উপলক্ষ, যে পরিস্থিতিতে সেঞ্চুরিটা এল, খুবই ভালো লাগছে। অনার্স বোর্ডে গ্রেট সব নাম আছে, তাঁদের পাশে থাকাটা দারুণ।’খুব বেশি দিন হয়নি দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফরে ৬ ইনিংসে মাত্র ১২০ রান করার পর ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু গত সিরিজে জ্যামাইকার কঠিন উইকেটে ম্যাচজয়ী সেঞ্চুরির পর এই ইনিংস, সংশয়বাদীরা জবাব পেয়ে গেছে। দ্রাবিড় জানালেন জিতেছেন নিজের সঙ্গে যুদ্ধেও, ‘দক্ষিণ আফ্রিকার পর আমি নিজেও সংশয়ে হয়ে পড়ে গিয়েছিলাম। রান না পেলে মনে সংশয় ভর করেই। তবে এই সময়গুলোয় যতটা পারা যায় উপভোগের চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে।’এই ইনিংসটার পথে রিকি পন্টিংকে তিনে ঠেলে সর্বোচ্চ রানসংগ্রহকারীর তালিকায় দুইয়ে উঠে এসেছেন। তবে দ্রাবিড়ের তৃপ্তি অন্য জায়গায়, ‘সংখ্যা নিয়ে আমি ভাবি না, গুরুত্বপূর্ণ হলো ক্যারিয়ারের দৈর্ঘ্য। ১৫ বছরের বেশি সময় ধরে খেলছি, কিন্তু এখনো দলের জন্য অবদান রাখতে পারছি, দল যেমনটা চায় তেমনটা দিতে পারি, এটাই বেশি তৃপ্তির।’ ওয়েবসাইট।