এতেই খুশি মেসিরা!

কখনো তাঁর শট গোলবারে লেগে ফিরে আসে। কখনো ফাঁকা গোলপোস্টের সামনে গিয়ে ভ্যাবাচেকা খেয়ে বল মেরে দেন মাঠের বাইরে!
রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারিতে দীর্ঘশ্বাস বাড়ে। হতাশায় মাথায় হাত দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন মেসি নিজেও। এতই দুর্ভাগা তিনি!
না, নিজের সেরা ছন্দে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। কিন্তু ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো দলকে হারাতে মেসিকে স্বরূপে দেখা দিতে হবে কেন!
শুধু তাঁর উপস্থিতিই তো যথেষ্ট হওয়ার কথা।
আদতে তাই হয়েছে। মেসি গোল পাননি। আক্রমণভাগের অন্য দুই সেনা সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনকে তো মাঠেই নামাননি আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা। খেলাননি রক্ষণভাগের আস্থা পাবলো জাবালেতাকেও। কিন্তু যাঁরা খেলেছেন তাঁদের সামলাতেই নাজেহাল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আর্জেন্টিনার জয়ের ব্যবধানটা অবশ্য ৩-০ না হয়ে আরও বেশি হতে পারত। কিন্তু মেসিরা অনেকগুলো সুযোগ নষ্ট করায় আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হয়েছে সাবেলাকে।
সবচেয়ে বেশি সুযোগ নষ্ট করেছেন মেসি নিজেই। ম্যাচের ১১ মিনিটেই ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে তাঁর একটি ফ্রি-কিক ফিরে এসেছে পোস্টে লেগে। ফিরতি বলটাই অবশ্য জালে জড়িয়েছেন হাভিয়ের মাচেরানো। এর আগে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আর্জেন্টিনার পক্ষে প্রথম গোলটি করেছেন রদ্রিগো প্যালাসিও। ৬৪ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেছেন বদলি হিসেবে নামা ম্যাক্সি রদ্রিগেজ। নিজে গোল না পাওয়ার আক্ষেপ তাই আর্জেন্টাইন অধিনায়ক ভুলছেন দলের পারফরম্যান্সে, ‘আমরা ম্যাচটা ভালোভাবেই শেষ করেছি। আশা করছি, পরের প্রস্তুতি ম্যাচটাতেও জয় পাব এবং বিশ্বকাপে সুন্দর ফুটবল উপহার দিতে পারব।’
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি শেষ গোলটা করেছিলেন গত বছরের সেপ্টেম্বরে, বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ অভিযান শুরুর আগের প্রস্তুতি ম্যাচে গোল করতে পারলে হয়তো আরও আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিলে পা রাখতে পারতেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। তবে গোল না পেলেও আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। মেসির মতো সহজ সুযোগ নষ্ট করেছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেরা খেলোয়াড় এদিনও আর্জেন্টিনার হয়ে ছিলেন দারুণ উজ্জ্বল। সব মিলিয়ে তাই আর্জেন্টাইন অধিনায়কের কণ্ঠে সন্তুষ্টি, ‘মূল লক্ষ্য ছিল চোট এড়ানো এবং দল হিসেবে ছন্দ ও আত্মবিশ্বাস কুড়ানো। সেটা ভালোমতোই হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে যে দলগুলো আছে, সেগুলোর রক্ষণভাগও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতোই হবে।’
আরও বড় ব্যবধানের জয়ই যে প্রত্যাশিত ছিল সেটা অস্বীকার করেননি সাবেলাও। তবে সব মিলিয়ে ছাত্রদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনিও, ‘এ ম্যাচটা ছেলেদের বোঝাপড়া বাড়িয়েছে। ছন্দ খুঁজে পেতেও সাহায্য করেছে। মনে রাখতে হবে, ওরা দুই মাসে, ছয় মাসে একবার একসঙ্গে খেলে।’
১৫ জুন বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান । তার আগে আগামীকাল শেষ প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার মুখোমুখি হবেন মেসিরা। রয়টার্স৷