এতেই গর্বিত সকার
টাইব্রেকারে হেনরির শটটি জালে জড়াতেই মাঠে ছুটে এলেন মোহামেডানের রিজার্ভ খেলোয়াড় ও কর্মকর্তারা। গ্যালারিতে তখন শুরু হয়ে গেছে উদ্যাপন। পতপত করে উড়ছে সাদা-কালো পতাকা, পুড়ছে আতশবাজি। গত মৌসুমে সুপারকাপ জয়ের পর আবারও একটি শিরোপা জিতল মোহামেডান। স্বাধীনতা কাপের চ্যাম্পিয়নদের আনন্দ বাঁধভাঙা তো হবেই!
নির্ধারিত সময়ে নয়, মোহামেডানকে জিততে হয়েছে টাইব্রেকার নামের ‘লটারিতে’। তবুও দিন শেষে ট্রফিটা পেয়ে খুশি কোচ রুই ক্যাপেলা।
ম্যাচটা যে টাইব্রেকারে গড়াতে পারে, সেটা নাকি আগেই অনুমান করে রেখেছিলেন এই পর্তুগিজ কোচ, ‘কয়েক দিন ধরেই পাঁচ ফুটবলার এবং গোলরক্ষককে পেনাল্টি শ্যুটআউট প্র্যাকটিস করিয়েছি। আমি জানি ফেনী খুবই কঠিন প্রতিপক্ষ। লিগের ফেনী সকার যেমনই হোক, টুর্নামেন্টে ওরা একেবারেই আলাদা একটি দল। আমি এমন লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। শেষ পর্যন্ত এই অনুশীলন আমাদের কাজে দিয়েছে।’
অধিনায়ক জাহিদ হাসান এমিলির জীবনের ‘সেরা অর্জন’ এই ট্রফি। এর আগে অনেকবারই অন্য ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে অধিনায়ক হিসেবে প্রথম কোনো শিরোপা জিতলেন কাল। ম্যাচ শেষে ট্রফি হাতে একটু বেশিই উচ্ছ্বসিত লাগল জাতীয় দলের স্ট্রাইকারকে, ‘আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এর আগে অনেক ক্লাব আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলেও আমি এড়িয়ে যেতাম। কারণ চাপ মনে হতো বলে আমি এই দায়িত্ব নিতে চাইতাম না। কিন্তু এ মৌসুমে মোহামেডান ক্লাব যখন প্রস্তাব দেয় আমি রাজি হয়ে যাই। অধিনায়ক হিসেবে ঢাকার মাঠে কখনো শিরোপা জিতিনি। এটা তাই আমার জীবনের একটা বড় অর্জন।’
ফেনী সকার কোচ ওমর সিসে টাইব্রেকার-ভাগ্যকে মেনেই নিয়েছেন, ‘যে কেউ জিততে পারত। পেনাল্টি শ্যুটআউটে আমি কখনোই ভরসা করি না।’ ইতিহাস গড়ার হাতছানি ছিল ফেনী সকারের সামনে। তবে রানার্সআপ হয়েই খুশি সিসে, ‘এই পর্যন্ত যে আমরা এসেছি এটাই আমাদের জন্য অনেক। আমরা তো টুর্নামেন্টে ছিলাম আন্ডারডগ। পুরো টুর্নামেন্টেই ছেলেরা খুব ভালো খেলেছে। আমি খুশি। আশা করি, এই ফল লিগে আমাদের আরও ভালো করার উৎসাহ জোগাবে।’