এতেই পার পাবেন ব্ল্যাটার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

ভালো বিপদেই পড়েছেন সেপ ব্ল্যাটার। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বেফাঁস কথা বলার জন্য এখন সামলাতে হচ্ছে ত্রিমুখী আক্রমণ। ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল ফুটবল ফেডারেশন—সবাই মুখর ফিফা সভাপতির সমালোচনায়। শেষ পর্যন্ত নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন ব্ল্যাটার।
ঘটনাটা গত শুক্রবারের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ব্ল্যাটারের কাছে জানতে চাওয়া হয়েছিল রোনালদো-মেসির মধ্যে কাকে তিনি বেছে নেবেন। হালকা সুরে ব্ল্যাটার উত্তর দেন, ‘মেসি হচ্ছে বাবা-মায়ের সুবোধ ছেলেটির মতো, যাকে সবাই চায়। আসলেই সে একজন ভালো মানুষ। সে অনেক দ্রুতগতিসম্পন্ন, ভালো খেলে কিন্তু মোটেই উচ্ছৃঙ্খল নয়।’ এতক্ষণ পর্যন্ত ঠিকই ছিল সব। এরপরই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রোনালদোর অঙ্গভঙ্গি নকল করে ব্ল্যাটার বলতে থাকেন, ‘রোনালদো হচ্ছে মাঠে সেনাপতির মতো। একজনের হেয়ারড্রেসারের খরচ আরেকজনের চেয়ে বেশি, কিন্তু এটা আসলে তেমন কোনো ব্যাপার নয়। কে সেরা সেটা আমি বলতে পারি না, এই বছরেও আবার জোর লড়াই হবে দুজনের। আমি দুজনকেই পছন্দ করি, কিন্তু মেসিকেই আমি বেছে নেব।’

রোনালদো
রোনালদো


সামনের জানুয়ারিতেই ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার। এর আগে ব্ল্যাটারের এমন মন্তব্য ভালোভাবে নেননি রোনালদো। নিজের ফেসবুক পেজে ব্ল্যাটারের ভিডিওটা পোস্ট করেছেন। লিখেছেন, ‘আমাকে, আমার দেশ ও ক্লাবকে ফিফা কতটা সম্মান করে এই ভিডিওটাই সেটা বলছে। অনেক কিছুই এখন পরিষ্কার। আমি মি. ব্ল্যাটারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি, তাঁর প্রিয় ক্লাব ও খেলোয়াড়দের আরও অনেক সাফল্য তিনি দেখবেন।’ সরাসরি আক্রমণ করেননি বটে, বোঝাই যায় রোনালদো কতটা খেপেছেন!
রিয়াল মাদ্রিদ শুধু প্রতিক্রিয়া জানিয়েই ক্ষান্ত হয়নি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ব্ল্যাটারের কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি লিখেছেন। বলেছেন ব্ল্যাটারের বক্তব্য ‘একজন পেশাদার খেলোয়াড়ের জন্য ভীষণ অসম্মানজনক’, একই সঙ্গে ‘দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য’ এবং ক্লাব ও সমর্থকদের জন্য ‘বিশাল হতাশার’। চিঠিটা রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ছাপাও হয়েছে। পেরেজের আশঙ্কা, ব্যালন ডি’অরের ভোটেও এটা প্রভাব ফেলতে পারে। সর্বশেষ ২০০৮ সালে রোনালদো জেতেন ব্যালন ডি’অর। এরপর টানা চারবার জিতেছেন মেসি।
পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফএফপি) সভাপতি ফার্নান্দো গোমেজ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমাদের জাতীয় দলের অধিনায়ককে নিয়ে ব্ল্যাটারের কথাগুলো আমাদের জন্য খুবই হতাশাজনক। আমার কাছে এই মন্তব্য রোনালদোর জন্য মানহানিকর; পর্তুগালের মতো একটা ফুটবলপাগল দেশের জন্যও। কেন তিনি এমন মন্তব্য করলেন সেটা আমরা বুঝতে পারছি না। ফিফার কাছে তাঁর আসল উদ্দেশ্য জানতে চেয়ে আমরা চিঠি দিয়েছি।’”
চারদিক দিয়ে এত আক্রমণের তোড়ে ব্ল্যাটার কি একটু বেসামাল? তড়িঘড়ি করে তাই টুইটারে দুঃখ প্রকাশ করেছেন, ‘আমি এটা পরিষ্কার করে বলতে চাই, রোনালদো ও মেসিকে আমি একই মানের মনে করি। একটা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান থেকে উদ্ভূত পরিস্থিতিতে যে এতজনকে আঘাত দিয়েছি, সে জন্য আমি দুঃখিত। রিয়াল মাদ্রিদ, তাদের কোনো খেলোয়াড় বা সমর্থককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না।’ রয়টার্স।