এথেন্সেও বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা কয়লার দলা নই, হীরকখণ্ড। আমাদের অবহেলা করবেন না’—মানসিক প্রতিবন্ধী খেলোয়াড়দের হয়ে কাল কথাগুলো বলছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। ২৪ জুন থেকে ৫ জুলাই গ্রিসের এথেন্সে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিকে ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, ফুটবল, সাঁতার ও বোচি—এই ছয়টি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের ৪০ জন অ্যাথলেট। কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৫৬ জনের বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আগামীকাল ভোরে।২০০৭ সালে চীনের সাংহাইয়ে ৩২টি সোনা, ১৫টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এবারের গেমসে ক্রিকেট নেই, এ কারণে পদকের সংখ্যা কমতে পারে বলে জানালেন কর্মকর্তারা। গত ৩ এপ্রিল বিকেএসপিতে শুরু ক্যাম্পে ছেলেমেয়েদের পারফরম্যান্সে আশাবাদী দলের প্রধান কোচ গৌতম কুমার দাস। যদিও প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুত করে তোলাটা সহজ হয়নি। প্রশিক্ষণের সমন্বয়কারী বিলকিস বেগম বললেন, ‘দেখতে স্বাভাবিক মনে হলেও এদের সাধারণ জ্ঞান ৭০ শতাংশের নিচে, তাই এদের অনুশীলনও করাতে হয় অনেক ধৈর্য নিয়ে।’ গত সাংহাই গেমসের দলের ১৫ জন সুযোগ পেয়েছেন এবারও। ব্যাডমিন্টন খেলোয়াড় ফারজানা তানজিয়া (ইথু) তাঁদেরই একজন। গতবার জিতেছিলেন ৩টি সোনা। এথেন্সেও সাংহাইয়ের পারফরম্যান্স ধরে রাখার প্রত্যাশা তাঁর। টেবিল টেনিস খেলোয়াড় ইনিনা আজিজের (শাম্মী) এবারই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা হবে। গত তিন মাস কঠোর অনুশীলন করেছেন শাম্মী। কথায় ফুটে উঠছিল আত্মবিশ্বাসের ছাপ, ‘ইনশাআল্লাহ আমি ভালো করব।’ সেই ভালোটা কী? ‘সোনা’।স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। কাল জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের পর দলের জার্সি উন্মোচনও হয়ে গেল। তবে দেখে বোঝার উপায় নেই এটা বাংলাদেশের জার্সি। জাতীয় পতাকার লাল-সবুজ রংই নেই জার্সিতে, আছে আকাশি-নীল। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের প্রধান শামীম মতিন চৌধুরী।