এদিকে বোল্ট, ওদিকে গে

বিশ্বের দ্রুততম মানব তিনি। অথচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি অংশ নেওয়ার টিকিট পেলেন না। জ্যামাইকার হয়ে তাই বাছাইপর্বে নামতে হয়েছিল বজ্রবিদ্যুৎকে। ব্যাপারটা তাঁর জন্য হয়তো একটু ‘অপমানজনকই’ ছিল, যদিও মুখে কিছু বলেননি। যা বলার বললেন ট্র্যাকেই। ৯.৯৪ সেকেন্ডে সবার আগে ১০০ মিটার শেষ করেছেন জ্যামাইকার ট্রায়ালে।তবে জাতীয় বাছাইতেই দূর থেকে বোল্টকে সতর্কসংকেত জানালেন টাইসন গে। একই দিনে যুক্তরাষ্ট্রের বাছাইতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ১০০ মিটার জিতেছেন ৯.৭৫ সেকেন্ড টাইমিং করে।অনেক দিনের সমস্যা যেটা, শুরুতে একটু পিছিয়ে পড়েছিলেন বোল্ট। সতীর্থ নিকেল অ্যাশমিড এগিয়ে গিয়েছিলেন। ৫০ মিটারে এসে তাঁকে পেছনে ফেলেন বোল্ট। শেষ পর্যন্ত ৯.৯৯ সেকেন্ড নিয়ে অ্যাশমিড তৃতীয়, ৯.৯৮ সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয়েছেন কেমার বেইলি-কোল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে জ্যামাইকার আরেক গতিমানব ইয়োহান ব্লেক সরাসরি খেলবেন আগস্টে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে।বোল্ট জানিয়েছেন চোট ছাড়া দৌড় শেষ করাটাই ছিল তাঁর কাছে আসল। তবে উন্নতির আরও সুযোগ দেখছেন, ‘অনেক কিছু নিয়েই কাজ করতে হবে আমাকে। আমার শুরুটা, মাঝখানের পর্যায়...সবকিছু নিয়েই।’ তবে টাইসন গে ভালোই জানিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁকে নিয়ে বোল্টকে ভাবতেই হবে। ৯.৭৫ সেকেন্ড তো এই মৌসুমের দ্রুততম সময়। কদিন আগে ডায়মন্ড লিগের রোম মিটে বোল্টকে হারানো জাস্টিন গ্যাটলিন শেষ দিকে মোটেই কুলিয়ে উঠতে পারেননি গে-র সঙ্গে, ৯.৮৯ সেকেন্ড সময় করে হয়েছেন দ্বিতীয়। রয়টার্স, এএফপি।
গের টাইমিং বোল্টের জন্য একটা বার্তা হলেও তা নিয়ে মোটেও ভাবিত নন জ্যামাইকান স্প্রিন্টার, ‘ট্রায়াল তো দলটাকে পরখ করার জন্যই, বিশ্ব চ্যাম্পিয়নশিপেই বোঝা যাবে কে কেমন। আমি ৯.৬৩, ৯.৫৮ সেকেন্ডে দৌড়েছি, মানদণ্ডটা তো আমিই ঠিক করে দিয়েছি।