এদিকে মেক্সিকো ওদিকে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিক ভুভুজেলা বাজিয়ে, উল্লাস করে গ্যালারি মাতাতে থাকা ৮০ হাজার সমর্থকের সামনে জোহানেসবার্গে আজ মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে মাঠে নামবেন কোচ আলবার্তো পাহেইরা। সব ফুটবলারের জন্য অভিজ্ঞতাটা হতে যাচ্ছে সারা জীবন মনে রাখার মতো।কাইজার চিফ ক্লাবের গোলরক্ষক খুনে আছে তাদের দলে, ডিফেন্সে গাক্সা, মোকোয়েনা, মাসিলেলাদের নিয়ে দক্ষিণ আফ্রিকা ৪-৪-২ ফরমেশনে খেলতে পছন্দ করে। মিডফিল্ডে এভারটনের প্রতিভাবান প্লে-মেকার স্টিভেন পিয়েনারের সঙ্গে থাকে অরল্যান্ডো পাইরেটসের টেকো মোডিসে, সিবায়া ও ডিকগাগোই। পিয়েনারই এই দলটার প্রাণভোমরা। আমার ধারণা, ওর পারফরম্যান্সই ম্যাচের ফলাফলে ঠিক করে দেবে। আর সামনে ইনজুরির কারণে অনুপস্থিত বেনি ম্যাকার্থির অভাব পূরণ করতে হবে মামেলোডি সানডাউনস দলের কাটলেগো এমফেলাকে।মেক্সিকো আসছে ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক জয়ের সুখস্মৃতি নিয়ে। তাদের নিয়মিত ফরমেশনটা এ রকম—গোলে ওচোয়া, ডিফেন্সে সালসিদো-ওসোরিও-অভিজ্ঞ রাফায়েল মার্কেজ ও পিএসভি আইন্দহোফেনের ফ্রান্সিসকো রদ্রিগেজ। পুমাসের ইসরায়েল কাস্ত্রো ও ক্রজ আক্সুল দলের তোরাডোর মতো অভিজ্ঞরা থাকবে মিডফিল্ডে। আক্রমণে জিওভানি ডস সান্টোস, অনুপ্রেরণাদায়ী ৩৭ বছর বয়সী কথেমক ব্লাঙ্কো ও প্রতিভাবান হাভিয়ের হার্নান্দেজ।আমি লক্ষ করেছি, মেক্সিকোর এ দলটা তাদের চিরায়ত দ্রুত পাসিং ফুটবল ভালোই আয়ত্ত করেছে। হ্যাভিয়ের আগুইয়ের চাইবেন, প্রেসিং ফুটবল খেলে এবং মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দক্ষিণ আফ্রিকাকে দারুণ চাপে ফেলে দিতে। দক্ষিণ আফ্রিকার পিয়েনার-এমফেলা জুটিকে দিয়ে পাল্টা আক্রমণ করবে, সঙ্গে হয়তো দুই উইং দিয়ে আক্রমণে উঠবে মোডিসে ও শাবালালা। সবকিছুর পরও যোগ্যতার বলে মেক্সিকোরই শেষ পর্যন্ত জেতার কথা এবং আমি প্রথম ম্যাচে ওদের জয়ই দেখতে পাচ্ছি।উরুগুয়ে বনাম ফ্রান্স ম্যাচটা হবে চিরায়ত দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ লড়াই। অস্কার তাবারেজের দলের আক্রমণের নেতৃত্ব দেবেন ডিয়েগো ফোরলান। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ও তো অপ্রতিরোধ্য, আয়াক্সের লুইস সুয়ারেজের সঙ্গে মিলে ফোরলানের জুটিটা হবে খুবই বিপজ্জনক। কোচ অস্কার তাবারেজ এরই মধ্যে তাঁর দল ও ফরমেশন ঘোষণা করে দিয়েছেন। ডিফেন্ডার ভিক্টোরিনো ও মিডফিল্ডার আরেভালো রিওসকে দলে এনে তাবারেজ খেলবেন ৩-৪-১-২ ফরমেশনে।চীনের সঙ্গে ১-০ গোলে হারের পর ফ্রান্সের সাম্প্রতিক ফর্ম একেবারে অতলে তলিয়ে যেতে বসেছে। কোচ ডমেনেখ ফ্রান্সে সবচেয়ে অজনপ্রিয় লোক। লরিসকে গোলে আর সাগনা, গালাস, আবিদাল ও ম্যানচেস্টার ইউনাইডেটের এভরাকে তিনি ডিফেন্সে খেলান। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তুলালান ও মালুদা, মিডফিল্ডে গোভু, জুরকাফ ও রিবেরি বল বানিয়ে দেবেন একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলা আনেলকা বা অঁরিকে।বাছাইপর্বে ধুঁকতে থাকার পর দুই দলই বিশ্বকাপে আসতে পেরে খুশি হওয়ার কথা। ফ্রান্সের শতছিদ্র ডিফেন্স গলে ফোরলান ও সুয়ারেজের মতো বিপজ্জনক খেলোয়াড়দের ভালোই জায়গা পাওয়ার কথা। যা-ই হোক, আমার ধারণা রিবেরি, আনেলকা ও জুরকাফের ম্যাচ জেতার যোগ্যতাটা আছে। আমার মনে হয়, ম্যাচটা হাইস্কোরিং বিনোদনমূলক ম্যাচ হবে।আমার ভবিষ্যদ্বাণী হলো, খেলাটা খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্টই পাবে ‘লা ব্লুজ’রা।