এদিকে রুনি, ওদিকে গোমেজ
যাঁরা নিয়মিত দেখেন, তাঁরা তো এর অংশই হয়ে গেছেন। অনেকের কাছে হয়তো এখন আর মনেই হয় না, ইউরোপের ফুটবল লিগগুলো ভিন দেশের কোনো খেলা। সেসব ফুটবল-পাগল মানুষের জন্য আজ হাজির আরেকটা শনিবার।ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যানচেস্টারের পাশাপাশি আজ মাঠে নামবে চেলসি, আর্সেনাল, লিভারপুল, টটেনহামও। জার্মান বুন্দেসলিগাতেও আছে কয়েকটি বড় দলের খেলা। তবে বেশির ভাগের চোখ যেমন আটকে থাকবে স্টোক সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে, বুন্দেসলিগায় তেমনি বায়ার লেভারকুসেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ম্যাচও নজর কাড়বে। অনেকেই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবেন ওয়েইন রুনি কী করেন দেখার জন্য, একই ভাবে সবার চোখ থাকবে মারিও গোমেজের ওপরও।এবার গোল-বটিকা খেয়েই যেন মৌসুম শুরু করেছেন রুনি। ম্যানইউ তারকা টানা পাঁচ ম্যাচেই গোল করেছেন। এর মধ্যে দুই ম্যাচে হ্যাটট্রিকসহ লিগে ৫ ম্যাচে তাঁর গোল নয়টি! বায়ার্ন তারকা গোমেজও দারুণ ফর্মে। বুন্দেসলিগায় ৫ ম্যাচে ৮ গোল করে মনে করিয়ে দিচ্ছেন, গত মৌসুমে ক্লাবের জার্সি গায়ে ৪৫ ম্যাচে করেছিলেন ৩৯টি গোল!শতভাগ সাফল্যের হার তো আছেই, ম্যানইউর শুরুটাকে আরও দুর্দান্ত বলতে হচ্ছে, পাঁচ জয়ের তিনটিই শিরোপা-পথে বাধার দেয়াল তুলতে পারত এমন দলের বিপক্ষে বলে। চেলসি, আর্সেনাল, টটেনহাম—তিন দলই এক রকম আত্মসমর্পণই করেছে ‘রেড ডেভিল’দের কাছে। আজ তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের পাঁচে থাকা স্টোক। চেলসির সঙ্গে গোলশূন্য ড্র আর লিভারপুলকে হারিয়ে দেওয়া স্টোক হয়তো আজ স্যার ফার্গির জন্য দুশ্চিন্তার কারণ হতে পারতেন। কিন্তু গত ম্যাচে সান্ডারল্যান্ড স্টোককে ৪-০ গোল উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, ভয়ের কিছু নেই।তার ওপর ফার্গির তূণে আবার সব তীরই তৈরি। রুনি তো দুর্দান্ত ফর্মে আছেনই, চোট সেরে ফেরা হাভিয়ের হার্নান্দেজ, দিমিতার বারবেতভ সবাই লিগ কাপে খেলে জানিয়ে দিয়েছেন, লিগেও তারা ফিরতে প্রস্তুত। এর মধ্যে মাইকেল ওয়েন আবার ওই ম্যাচে জোড়া গোল করে প্রশ্ন তুলে দিয়েছেন, তাঁকেই বা কেন শুধু অগুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ব্যবহার করা?প্রতিপক্ষের জালে ১৭ বার বল পাঠিয়ে ম্যানইউ যতটা নির্ভার, ততটাই যেন চিন্তার পাথর বুকে বেঁধে সাগরে সাঁতরাচ্ছে শিরোপাপ্রত্যাশী বাকি দলগুলো। ৫ ম্যাচের তিনটাতেই হার, একটি মাত্র জয় নিয়ে লিগ শুরু করা আর্সেনালের জন্য বোল্টনের ম্যাচটা কক্ষপথে ফেরার। ১০ পয়েন্ট নিয়ে তিনে থাকা চেলসির জন্য সোয়ানসি সিটি বড় কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। তবে ম্যানইউর বিপক্ষে গত ম্যাচে অবিশ্বাস্যভাবে সহজ গোলের সুযোগ নষ্ট করা ফার্নান্দো তোরেসের জন্য বড় চ্যালেঞ্জই। কারণ পুরো ফিট হয়ে একাদশের দুয়ারে কড়া নাড়ছেন দিদিয়ের দ্রগবা। ওদিকে লিভারপুল ফিরে পাচ্ছে ছয় মাস মাঠের বাইরে থাকা স্টিভেন জেরার্ডকে। দেখা যাক, গত ম্যাচেই টটেনহামের কাছে ৪-০ গোলের লজ্জায় ডোবা ‘অল রেড’দের কতটা উদ্ধার করতে পারে তাদের নিয়মিত অধিনায়ক।মঙ্গল আর বুধবার আবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। ফলে অনেক কোচকে ওই ম্যাচের কথা মাথায় রেখে কাউকে কাউকে বিশ্রাম দেওয়ার কথাও ভাবতে হচ্ছে। এএফপি।