এদিকে সেরেনার 'হ্যাঁ', ওদিকে কোহলির 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনই বাগদান হচ্ছে না বিরাট-আনুশকার। ফাইল ছবি।
এখনই বাগদান হচ্ছে না বিরাট-আনুশকার। ফাইল ছবি।

টেনিস কোর্টের সেরেনা উইলিয়ামসের সঙ্গে এই সেরেনা উইলিয়ামসকে মেলাতেই পারবেন না। কোর্টে প্রতিপক্ষের জন্য যত ভয়ংকর হয়েই দেখা দিন না কেন, প্রেমের ‘কোর্টে’ ২২টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন টেনিস কন্যা আর দশটি মেয়ের মতোই। রোমান্টিক, লাজুক, ভাবুক। নিজের বাগদানের ঘোষণাটি দিতে যিনি লজ্জায় লাল, আবার রোমান্টিসিজমের বশে একটু কাব্য করতেও যিনি ছাড়েন না!

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম রেড্ডিটে সেরেনার বাগদানের ঘোষণাটিই দেখুন। হ্যাশট্যাগ ‘আইসেইডইয়েস’ লিখে সেরেনার স্ট্যাটাস, ‘একটু দেরি করে বাড়ি ফিরলাম, কেউ একজন আমার ব্যাগ গোছগাছ করে রেখেছিল, আমাকে নেওয়ার জন্য গাড়িও ঠিক করে রাখা। গন্তব্য—রোম। যেখানে আমাদের দুটি তারা একসঙ্গে মিলেছিল, সেখানে আমাকে আরেকবার সঙ্গে করে নিয়ে যেতে। চক্রটা এবার পূর্ণ হলো। ঠিক সেই একই টেবিলে, যেখানে প্রথমবার, হঠাৎ করেই, আমাদের দেখা হয়েছিল। তবে এবারের দেখাটা আর হঠাৎ করে নয়, ওরই সিদ্ধান্তে। এক হাঁটুতে ভর দিয়ে ও সেই চারটি শব্দ বলল, আমি বললাম হ্যাঁ!’

সেরেনার ‘ও’-ও নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সেখানে উত্তর দিয়েছেন, ‘আর তুমি আমাকে করলে পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ!’

নিজের বাগদানের ঘোষণা দিলেন সেরেনা উইলিয়ামস। ফাইল ছবি।
নিজের বাগদানের ঘোষণা দিলেন সেরেনা উইলিয়ামস। ফাইল ছবি।

তা কে এই সুখী পুরুষ? কার সঙ্গে হয়েছে সেরেনার বাগদান? রেড্ডিটেরই সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান! এখনো বিয়ের দিনক্ষণ অবশ্য জানাননি দুজন। আপাতত শুধু বাগদানের ঘোষণাই এল। এই খুশির খবরে সেরেনাকে টুইটারে অভিনন্দন জানিয়েছে ডব্লুটিএ ট্যুর কর্তৃপক্ষও।

সেরেনা নিজের বাগদানের খবর জানালেন, ওদিকে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে নিজের বাগদানের গুঞ্জন নাকচ করে দিয়েছেন বিরাট কোহলি। কদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন চলছিল, আগামী পরশু, অর্থাৎ ১ জানুয়ারিতেই আনুশকার অনামিকায় আংটি পরিয়ে দেবেন ভারতের টেস্ট অধিনায়ক। গুঞ্জনের অবশ্য কারণও ছিল, এই মুহূর্তে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ঋষিকেশে ছুটি কাটাচ্ছেন কোহলি-আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও দিয়েছেন, মন্দিরেও গেছেন দুজনে।

তবে গতকাল কোহলির এক টুইটই সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে। টুইটে ভারতের টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘আমরা বাগদান করছি না। আর যদি করিও, সেটা লুকাব না। যেহেতু খবরের চ্যানেলগুলো মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে পারছে না, আপনাদেরও বিভ্রান্ত করা বন্ধ করছে না...আমরা তাই সব সংশয় শেষ করে দিচ্ছি।’ পরে আনুশকাও কোহলির টুইটটি রি-টুইট করেছেন। সূত্র: এএফপি, ইন্ডিয়ান এক্সপ্রেস।