এদিকেও প্রস্তুত শ্রীশান্ত!
বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে মনের দুঃখে বনে যাননি শ্রীশান্ত। বরং ক্রিকেটের বাইরে অন্য যে বিষয়ে ‘প্রতিভা’ আছে সেটি দিয়েই কিছু করতে চেয়েছিলেন। মঞ্চে মঞ্চে নেচে-গেয়ে সতীর্থদের করতে চেয়েছিলেন অনুপ্রাণিত। একটা প্রদর্শনী এরই মধ্যে হয়েও গিয়েছিল। কিন্তু ভাগ্যে থাকলে ঠেকায় কে? ‘বিনা মেঘে বজ্রপাতের’ মতো বিশ্বকাপ দলে ঢুকে গেলেন শ্রীশান্ত। ঢুকলেন ইনজুরির কাছে হেরে বাদ পড়ে যাওয়া প্রাভিন কুমারের জায়গায়। বোলিং নৈপুণ্যের পাশাপাশি বিশ্বকাপে আরেকটা প্রতিভা দেখানোরও সুযোগ পেয়ে গেলেন কেরালার ২৮ বছর বয়সী পেসার।এই প্রতিভা মাঠের মধ্যে নর্তন-কুর্দন, প্রতিপক্ষ ব্যাটসম্যান বা বোলারের দিকে তেড়ে যাওয়া, লাল চোখ করে তাকানো। মূল টুর্নামেন্ট পর্যন্ত যেতে হলো না। পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই একটা মহড়া দিয়ে রাখলেন। তাঁর খাটো লেংথের দুর্দান্ত একটা বলে পরাস্ত হয়েছিলেন রিকি পন্টিং। মাইকেল জ্যাকসন-ভক্ত তাঁর স্বরে আবেদন করলেন, কিন্তু আম্পায়ারের সমর্থন পেলেন না। অমনি নাটকীয় ভঙ্গিতে ক্রিজে দাঁড়িয়ে পন্টিংয়ের চোখের দিকে তাকিয়ে কিছু একটা বললেন। পরস্পরের বাক্যবিনিময় হলো। গ্যালারির প্রশংসাধ্বনি তখন রীতিমতো সাগরের গর্জন। আর শ্রীশান্ত, মাঠের মধ্যে এ রকম ঝামেলা পাকিয়ে গত ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অধিনায়ক ধোনির ধমক খাওয়া পেসার বুড়ো আঙুলে বাতাসে ‘এল’ চিহ্ন এঁকে অস্ট্রেলিয়া অধিনায়ককে বোঝাতে চাইলেন তিনি ‘লুজার’ অর্থাৎ হেরে গেলেন! ওয়েবসাইট।