এনএসসি চালাবে হকি লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া খেলাধুলা আয়োজনের দায়িত্ব ফেডারেশনের। কিন্তু এবার নতুন এক উদ্যোগ দেখতে যাচ্ছে ক্রীড়াঙ্গন। হকির চলমান সংকট কাটাতে হকি লিগ আয়োজন করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)!
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের হাতে আপাতত হকির সংকট উত্তরণের পথ এটিই। তাঁর বিলম্বিত সমাধান সূত্র, ‘সপ্তাহ খানেকের মধ্যে সব ক্লাবের সভাপতির সঙ্গে বসব। এনএসসির অধীনে একটা লিগ কমিটি করব আমরা। সেই কমিটিই লিগ পরিচালনা করবে।’
প্রেক্ষাপটটা জানতে একটু পেছনে ফেরা দরকার। হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর অপসারণ চেয়ে তাঁর অধীনে মোহামেডানসহ চারটি দল গতবার লিগ খেলেনি। এবারও খেলতে রাজি নয়। এবার আবার ঊষা ক্রীড়াচক্র বলেছে, সব দল না খেললে তারাও খেলবে না। আবাহনীরও একই কথা। অচলাবস্থা কাটাতে গত ১৩ মে মোহামেডানের নেতৃত্বে বিদ্রোহী ক্লাব মেরিনার ইয়াংস, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিংসহ সব দলকেই নিয়ে বসেন ক্রীড়া উপমন্ত্রী। তখন তিনি বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই একটা ইতিবাচক খবর দেবেন। কিন্তু তা ঝুলেই ছিল এত দিন। পরশু ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাল এনএসসিতে এসে দিলেন লিগ আয়োজনের নতুন ব্যবস্থাপত্র।
সংকটের সমাধান এতে মিলবে বলেই আশা মন্ত্রীর, ‘খাজা রহমতউল্লাহর অধীনে কয়েকটি ক্লাব খেলতে চায় না, ভালো কথা। লিগটা এনএসসি করে দিলে কেউ না বলতে পারবে না। এনএসসির অধীনেও কেউ খেলতে না এলে নিয়ম অনুযায়ীই ব্যবস্থা হবে। যারা আসবে না, তাদের বাদ দিয়েই খেলা হবে। তবু আমরা চাই খেলা মাঠে থাকুক।’
কিন্তু মন্ত্রীর সমাধান সূত্রে বিদ্রোহী ক্লাবগুলো সাড়া দেবে বলে মনে হয় না। এই জোটের প্রধান দল মোহামেডানকে অনুসরণ করছে বাকিরা। সেই মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলছেন, ‘এটা কোনো সমাধান নয়। এনএসসির কাজ লিগ পরিচালনা করা না, এই দায়িত্ব ফেডারেশনের। কাজেই খুব একটা উৎসাহী হতে পারছি না।’ বিদ্রোহী ক্লাবগুলোর চাওয়া অনুযায়ী খাজা রহমতউল্লাহর অধীনে তো অন্তত খেলতে হবে না, তাহলে আপত্তি কেন? লোকমানের উত্তর, ‘আমরা চাই স্থায়ী সমাধান।’
কিন্তু স্থায়ী সমাধানের আপাতত কোনো সম্ভাবনা নেই। ক্রীড়া উপমন্ত্রীই দিলেন সেই ইঙ্গিত, ‘নির্বাচিত কমিটি ভাঙা সম্ভব নয়। সময়মতোই নির্বাচন হবে এবং তত দিন পর্যন্ত খাজা রহমতউল্লাহই সাধারণ সম্পাদক থাকবেন।’ নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হবে প্রায় দুই বছর পর, ২০১৭ সালের ১৭ জুলাই। যার অর্থ, সংকট আরও ঘনীভূতই হতে পারে। যে কারণে ফেডারেশনেরও অনেকেই চান, খেলার স্বার্থে রহমতউল্লাহ এখনই সরে যান।
এসব নিয়ে আলোচনা করতে পরশু একসঙ্গে বসেছিলেন ফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা। তাঁদের কেউ কেউ আভাস দিয়েছেন, অচলাবস্থা না কাটলে ১০-১৫ জন মিলে একসঙ্গে পদত্যাগ করতে পারেন। খাজা রহমতউল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। তবে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, নির্বাচিত সাধারণ সম্পাদক ‘অন্যায়’ দাবিতে সরে দাঁড়ানোর কথা মাথায়ই আনছেন না। তবে ক্রীড়া উপমন্ত্রীর ‘এনএসসিই লিগ চালাবে’ তত্ত্বে রহমতউল্লাহর আপত্তি নেই বলেই জানা গেছে।