এনএসসির ওপর সালাউদ্দিনের ক্ষোভ
সরকারের সবুজ সংকেত পেয়ে জুন-জুলাইয়ে সিলেট বিকেএসপিতে একাডেমি চালু হবে ঘোষণা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। কিন্তু জুন মাস যাচ্ছে, একাডেমির কার্যক্রম শুরু হওয়ার কোনো খবর নেই। এ নিয়ে কাল সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে বাফুফে সভাপতি কাঠগড়ায় তুলেছেন জাতীয় ক্রীড়া পরিষদকে (এসএসসি)। সিলেট বিকেএসপিকে একাডেমিকে পরিণত করতে প্রয়োজনীয় সংস্কারকাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু চার মাসেও কাজের কোনো অগ্রগতি হয়নি! ‘চার মাস আগে টাকা ছাড় হয়েছে। কিন্তু এখনো এনএসসি কোনো কাজই করেনি। তারা নাকি সংস্কারকাজের জন্য টেন্ডার ডেকে সেটা বাতিল করে আবার টেন্ডার করবে। আমি এনএসসির পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। আর পারছি না’—বললেন ক্ষুব্ধ সালাউদ্দিন। একাডেমি কেন চালু হচ্ছে না, এই প্রশ্ন তাঁকে না করে এনএসসিকে করার পরামর্শ দিয়েছেন বাফুফে সভাপতি। সঙ্গে আরও যোগ করেছেন, ‘একাডেমির প্রধান কোচ রেনে কোস্টার এসে গেছে। তাঁকে মাসে ১৫ লাখ টাকা বেতন দিতে হবে। অথচ একাডেমির সংস্কারকাজ করে দিচ্ছে না এনএসসি।’ এ ব্যাপারে অনেক চেষ্টা করেও এনএসসির দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।