এনএসসির ঢিলেমিতে শুরুই হয়নি কাজ
ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় এসে গত ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ২০১১ বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে গেছেন বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটি আর আইসিসির শীর্ষ কর্মকর্তারা। কিন্তু শারদ পাওয়ার-হারুন লরগাতরা কি জানতেন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে প্রকৃতপক্ষে কতটা পিছিয়ে বাংলাদেশ?যেসব ভেন্যুতে বিশ্বকাপের খেলা হবে, উদ্বোধনী অনুষ্ঠান হবে, সেসবের সংস্কারকাজ শুরু হওয়া দূরের কথা, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এখনো কার্যাদেশই দেয়নি! অথচ বিশ্বকাপের সবগুলো ভেন্যু আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। হাতে থাকা সময়টা চাইলে আঙুলের করেও গুনে নিতে পারেন—৮ মাস ১৭ দিন। এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশ কতটুকু প্রস্তুত হতে পারবে বিশ্বকাপের সফল আয়োজনের জন্য? বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির সদস্য সচিব ও বিসিবি পরিচালক দেওয়ান শফিউল আরেফিনকেও এই সময়ক্ষেপণে উদ্বিগ্ন মনে হলো, ‘অক্টোবরের মধ্যে আইসিসির কাছে সব স্টেডিয়াম বুঝিয়ে দিতে হবে। আমাদের ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা দরকার।’২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে খেলা। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু ছাড়া বিশ্বকাপের মূল দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বিকল্প ভেন্যু হিসেবে আছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। এই চার স্টেডিয়ামের সংস্কারকাজের জন্য আড়াই শ কোটি টাকার বেশি বাজেট অনুমোদন করেছে সরকার। গত ১৫ ডিসেম্বর দরপত্র জমা নেওয়ার পর ১৫ জানুয়ারির মধ্যে কার্যাদেশ জারির কথা থাকলেও এনএসসির ঢিলেমিতে কাল পর্যন্ত সেটা হয়নি। যদি আজ-কালের মধ্যেও কার্যাদেশ দেওয়া হয়, মাত্র সাড়ে আট মাসে সংস্কারকাজ কতটুকু শেষ হবে সে শঙ্কা থাকছেই। জানা গেছে, দরপত্রে অংশ নেওয়া প্রায় সব প্রতিষ্ঠানই কাজ শেষ করার প্রস্তাবিত সময় দিয়েছে সর্বোচ্চ ৯ মাস করে।সংস্কারকাজের একটা বড় অংশ হলো স্টেডিয়ামের ফ্লাডলাইট ও ইলেকট্রনিক স্কোরবোর্ড স্থাপন। এ ছাড়া গ্যালারিতে চেয়ার বসানো, করপোরেট বক্স ও প্রেসবক্স সংস্কার, প্রেসবক্সের আসনসংখ্যা বৃদ্ধি, গ্যালারিতে ছাদ দেওয়াসহ আরও অনেক কাজই আছে সংস্কারকাজের মধ্যে। মাত্র সাড়ে আট মাসে এসব কাজ কতটুকু শেষ হবে, শেষ হলেও সেই কাজ কতটা মানসম্মত হবে, সেসব প্রশ্ন থাকছেই। তারও আগের প্রশ্নটা হলো, কার্যাদেশ দেওয়া হবে কবে? একটি সূত্র অবশ্য জানিয়েছে, কাল এ বিষয়েই সভায় বসেছিল এনএসসির সংশ্লিষ্ট কমিটি।সে সভায় কী হলো, কার্যাদেশ দেওয়ারই বা আর কত দূর, এখনো সেটা দেওয়া হলো না কেন—সেসব জানতে এনএসসি সচিব শফিক আনোয়ারের কাছে কাল তিনবার টেলিফোন করেও কোনো জবাব পাওয়া যায়নি। প্রথমবার তিনি বললেন, ‘একটা মিটিংয়ে আছি। এক ঘণ্টা পরে ফোন দেন।’ এক ঘণ্টা পর ফোন করা হলে বললেন, ‘আধা ঘণ্টা পরে আরেকবার ফোন করেন।’ আর আধঘণ্টা পর সচিব সাহেব ফোনই ধরলেন না!কে জানে এসব প্রশ্নের হয়তো কোনো উত্তরই নেই তাঁর কাছে। অথবা আছে, কিন্তু সেটা বলতে অস্বস্তি বোধ করছিলেন এনএসসি সচিবও!