এনএসসির বারান্দায় অনুশীলন!
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবনের বারান্দায় কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য অনুশীলনে ব্যস্ত হয়ে পড়লেন ভারোত্তোলকেরা। রাজপথ থেকেই তা টেনে আনল জনা বিশেক মানুষের কৌতূহলী চোখ। কিন্তু জিমনেসিয়াম ছেড়ে বারান্দায় অনুশীলন করছেন কেন তাঁরা? কাল বিকেলের এই দৃশ্যটি ছিল অবাক করার মতোই।ভারোত্তোলন ফেডারেশনের জিমনেসিয়ামটা বেশ ছোট। যে জন্য গত এসএ গেমসের পর থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো সভাকক্ষে নিয়মিত অনুশীলন করে আসছেন হামিদুল, বিদ্যুৎ, মোল্লা সাবিরা, ফিরোজারা। কিন্তু চার দিন তাঁরা কোনো অনুশীলনই করতে পারেননি। তাঁদের অভিযোগ, এনএসসির কিছু কর্মকর্তা ও কর্মচারী সভাকক্ষটি দখল করে তাঁদের বাইরে বের করে দিয়েছেন। গত পরশু জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হয়েছে এখানে। তার পরই তাঁরা লাগিয়ে দিয়েছেন তালা। শোক দিবসের অনুষ্ঠানের জন্য সভাকক্ষটি তাঁদের হাতে চলে গেছে ১৩ আগস্ট থেকেই। ওই দিন থেকে কাল পর্যন্ত মোট চার দিন অনুশীলন বন্ধ থাকায় খুবই হতাশ এসএ গেমসে সোনাজয়ী হামিদুল ইসলাম, ‘এভাবে জিমনেসিয়াম বন্ধ করে আমাদের প্র্যাকটিসে ব্যাঘাত ঘটিয়ে কোনো লাভ নেই। ভারোত্তোলনে নিয়মিত প্র্যাকটিস জরুরি। আমরা তাই বাধ্য হয়ে এনএসসির বারান্দায় অনুশীলন করছি।’বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমানের (মানু) দৃষ্টিগোচর করলে তিনি বলেন, ‘এনএসসির কিছু কর্মকর্তা অনেক আগে থেকেই ওই কক্ষটি দখল করার চেষ্টা করছিল। এবার তারা সুযোগটি নিয়েছে। আপাতত আমরা এনএসসির সঙ্গে কথা বলে বিকল্প কক্ষে অনুশীলন করানোর চেষ্টা করছি।’ ফেডারেশনের সহসভাপতি এহসানুল হক মির্জা ক্ষোভের সঙ্গে বললেন, ‘এনএসসির নতুন ভবনে তো বড়সড় সভাকক্ষ আছে। বিওএ ভবনেও সভাকক্ষ রয়েছে। তার পরও কেন এটিকেই আবারও বেছে নিতে হবে বুঝলাম না। কমনওয়েলথ গেমসের আগে ছেলেমেয়েরা তাহলে কোথায় অনুশীলন করবে?’এনএসসির পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক পরিচালক আবদুর রহমান ঘটনাটা জানতেন না বলে দাবি করেছেন, ‘কই, আমাকে তো কেউ জানায়নি এটা! তবে এখন যেহেতু শুনলাম, দেখি ওদের জন্য বিকল্প ব্যবস্থা করা যায় কি না।’ বিকল্প ব্যবস্থা বলতে সেই পুরোনো ফেডারেশনের জিমনেসিয়াম। কিন্তু সেখানে অনুশীলনে আপত্তি রয়েছে ভারোত্তোলকদের। যুব কমনওয়েলথে পদকজয়ী ভারোত্তোলক ফাহিমা আক্তারের কথা, ‘ওই জিমের ডায়াস একেবারে ছোট। এসি নেই। দুই-তিনজন একসঙ্গে ভালোমতো অনুশীলন করা যায় না।’ গত এসএ গেমসে ৬টি ইভেন্টের ৫টিতে পদক জেতা দলটি এবার কমনওয়েলথে ভালো কিছু করার চেষ্টা করছে। কিন্তু এভাবে অনুশীলনে ছন্দপতন ঘটতে থাকলে আশা দুরাশাই হয়ে থাকবে বলে মনে করছেন ভারোত্তোলকেরা।