টানা দুই হার জয়ের ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের৷ শিকারও মিলে গেল৷ শিকারের নাম চট্টগ্রাম আবাহনী৷ নিজেদের হোম ভেন্যু গোপালগঞ্জে লিগে প্রথম ম্যাচে চট্টগ্রামের দলটিকে গোলে ভাসিয়েছে মুক্তিযোদ্ধা (৬-০)।
দুই বিদেশি এনকোচা কিংসলে ও সানডে করেছেন হ্যাটট্রিক। লিগে এটি ষষ্ঠ ও সপ্তম হ্যাটট্রিক। তবে এক ম্যাচে জোড়া হ্যাটট্রিক অনেক দিন পর দেখল বাংলাদেশের ঘরোয়া ফুটবল৷
১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচেই আছে মুক্তিযোদ্ধা। শিরোপার দৌড়ে শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৭৷ ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। এ দুই দলের পরই মোহামেডান, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের মধ্যে লড়াই জমে উঠেছে। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্স চতুর্থ, তৃতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২৩।
গোপালগঞ্জে গত বছর জুনে শেষ ম্যাচ খেলেছিল মুক্তিযোদ্ধা। নিজেদের মাঠে ফিরে দর্শকদের উষ্ণ অভিনন্দন পেলেন খেলোয়াড়েরা। হাজার পাঁচেক দর্শককে আনন্দ উশুল করে দিয়েছেন এনকোচা ও সানডে। প্রথমার্ধে ৩-০৷ ১৬ মিনিটে প্রথম গোল সানডের। ৩৯ ও ৪২ মিনিটে এনকোচার দুই গোল৷ ৭৬ মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করে ফেললেন এনকোচা। মিনিট চারেক পরই হ্যাটট্রিকম্যান হয়ে গেলেন সানডেও।
এমন জয়ে খুব খুশি মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম, ‘ছেলেরা সবাই খুব ভালো খেলেছে। এখানকার দর্শকেরাও খেলা দেখে আনন্দ পেয়েছে। একটু বেশি গরম ছিল, তবে কোনো সমস্যা হয়নি আমাদের। ধারাবাহিকতা রাখতে পারলে লিগে তৃতীয়-চতুর্থ স্থানে থাকা সম্ভব৷’