এনটিনির বিদায়ী ম্যাচে দক্ষিণ আফ্রিকার হার
বিদায়ী ম্যাচ মানেই বেদনার। তার ওপর যদি আবার যোগ হয় সেই ম্যাচে দলের হার, তাহলে তা হয়ে ওঠে একেবারে অসহনীয়। সেই অসহনীয় মুহূর্তটিরই তিক্ত স্বাদ নিতে হলো মাখায়া এনটিনিকে। দক্ষিণ আফ্রিকার হয়ে এই তারকা ফাস্ট বোলারের শেষ ম্যাচটি ছিল আজ। সেই ম্যাচে ভারতের কাছে ২১ রানে হার নিয়ে দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা থেমে গেল এনটিনির।দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ ছিল এটি। টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থ মর্যাদা দেন ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৮ রান। দলের হয়ে রোহিত শর্মা ৫৩, সুরেশ রায়না ৪১ ও বিরাট কোহলি ২৮ রান করেন। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান ফন উইকের ৬৭ রানের পরও ৯ উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলাফল, বিদায়ী ম্যাচে ২১ রানে হারের তিক্ত স্বাদ এনটিনির! ক্রিকইনফো।