এনসিএল টি-টোয়েন্টির টাইটেল স্পন্সর ডেসটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিক্রি করতে গেলেই কমে যায় ক্রিকেটের দাম। নইলে পণ্য হিসেবে খেলাটা যে বাংলাদেশেও খুব কম দামি নয়, সেটা এনসিএল টি-টোয়েন্টির টাইটেল স্পন্সর বিক্রিতেই স্পষ্ট। বিসিবির ইভেন্ট পার্টনার এটিএন রেকর্ডসের কাছ থেকে দেড় কোটি টাকায় ১১ এপ্রিল শুরু টুর্নামেন্টটির টাইটেল স্পন্সরশিপ কিনে নিয়েছে ডেসটিনি গ্রুপ। সূত্র জানিয়েছে, গতকাল এটিএন রেকর্ডসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর হয়ে গেছে স্পন্সরদের।টাইটেল স্পন্সর বিক্রি হয়ে গেলেও এখনো অবিক্রীত রয়ে গেছে ছয় বিভাগীয় দলের দুটি খুলনা ও বরিশাল। খুলনা দলের ফ্র্যানচাইজ হিসেবে প্রথমে এসটিএস গ্রুপের নাম শোনা গেলেও তারা সম্ভবত পিছিয়েই যাচ্ছে। বরিশাল বিভাগের ফ্র্যানচাইজ হতে যাঁরা আগ্রহ দেখিয়েছিলেন, তাঁরাও এত অল্প সময়ের মধ্যে দল গঠন সম্ভব নয় বলে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন অবশ্য আশাবাদী, ‘কয়েকটি পক্ষের সঙ্গে আলাপ চলছে। আশা করি কালকের (আজ) মধ্যে বাকি দুটো ফ্র্যানচাইজও আমরা পেয়ে যাব।’