এনাইয়ামার স্বর্গীয় রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৬ বছর বয়সে শুরু করেছিলেন পেশাদার ফুটবল। পুরো ম্যাচ খেলার সুযোগ হতো না। খেলা যদি টাইব্রেকারে গড়াত, বদলি হিসেবে নামিয়ে দেওয়া হতো এই গোলরক্ষককে। তাতেই দারুণ সাফল্য দেখাতেন ‘এনিম্বা ইন্টারন্যাশনাল’ ক্লাবের এই বদলি গোলরক্ষক ভিনসেন্ট এনাইয়ামা।এক দশক ধরে এই পেনাল্টি ঠেকাতে ঠেকাতেই আফ্রিকার ‘সেরা গোলরক্ষক’ খ্যাতি পেয়ে গেছেন। বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন, খ্যাতিটা ধরে রাখতে চান। এর চেয়ে ভালো আর কীভাবে সেটা করতে পারতেন?আর্জেন্টিনার বিপক্ষে গুনে গুনে ছয়টা শট ঠেকালেন, যার চারটিই ছুটে এসেছিল লিওনেল মেসির পা থেকে। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে হারা দলে থেকেও হয়েছেন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সেরা খেলোয়াড়। আর এনাইয়ামা নিজে বলছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে ভালো পারফরম্যান্স।’২০০২ বিশ্বকাপে দলে এসেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে। সে ম্যাচে কোনো গোল হজম না করা এনাইয়ামা বিশ্বকাপের পরপরই দলের প্রথম গোলরক্ষক হয়ে ওঠেন। আর গত কয়েক বছরে নাইজেরিয়ার বড় ভরসার নাম হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের একেবারে শুরু থেকেই এনাইয়ামার ওপর ঝড় আসতে শুরু করল। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সেরা খেলোয়াড় যে এনাইয়ামা, সে স্বীকৃতি খোদ ম্যারাডোনার কাছ থেকেও এসেছে!মেসির কারণেই ম্যাচটিকে নিজের সেরা বলে মানছেন এনাইয়ামা, ‘এটা আমার সেরা পারফরম্যান্স, আর তা দেখিয়েছি বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে। এখন এই পারফরম্যান্স আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’কিন্তু তিনি কাজটা পারলেন কীভাবে? বিশ্বের সেরা সেরা গোলরক্ষক যেখানে মেসিকে থামাতে পারে না, এনাইয়ামা কীভাবে পারলেন! রহস্যটা নাকি খুব বড় কিছু না। এনাইয়ামা মেসির খেলা দেখে দেখে ছক কেটেছেন, ‘আমি স্প্যানিশ লিগে মেসির সব খেলা দেখেছি। সঙ্গে ওর সম্পর্কে কিছু কিছু তথ্যও জোগাড় করেছি।’এটুকু হলে তো সবারই মেসিকে ঠেকাতে পারার কথা। না, রহস্য আরও একটু আছে। সেই রহস্যটুকু ঐশ্বরিক, ‘আমার সাফল্যের আসল রহস্য ঈশ্বর। তার প্রতি আমি কৃতজ্ঞ—আজ (শনিবার) তিনি আমাকে চাপের মুখে শান্ত রেখেছিলেন বলেই এসব করতে পেরেছি।’ এএফপি, ওয়েবসাইট।