এনামুল ও নাঈম বাদ, দলে মার্শাল ও সানি
তিন বছর পর টেস্ট দলে ঠাঁই পেয়েছিলেন। তবে জায়গাটা ধরে রাখতে পারলেন না এনামুল হক জুনিয়র। চোটের কারণে শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি এই স্পিনার।বাদ পড়েছেন ব্যাটসম্যান নাঈম ইসলামও। কারণ একই, চোট। এনামুল জুনিয়রের জায়গায় আনা হয়েছে ইলিয়াস সানিকে। নাঈমের জায়গায় এসেছেন মার্শাল আইয়ুব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সোমবার দেওয়া এক বিবৃতিতে এসব খবর জানিয়েছে।বাংলাদেশ দলের ফিজিও বিভব সিংয়ের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এনামুল আজ সকালে জানিয়েছেন, তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা হচ্ছে। তাঁর সেরে উঠতে সাত থেকে ১০ দিন সময় লাগবে। আর নাঈমের ডান পায়ে ব্যথা হচ্ছে। পুরো সেরে উঠতে তাঁর সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ।শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৮ মার্চ। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল।