এনামুল ঝড়ে ঢাকার নতুন রেকর্ড
প্রথমবারের মুখোমুখি লড়াইয়ে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ২০৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। আজ নিজেদের দ্বিতীয় মুখোমুখি লড়াইয়ে রংপুরকে আরও কঠিন টার্গেট দিয়েছে গত আসরের শিরোপাজয়ীরা। এনামুল হক, সাকিব আল হাসান ও স্টিভেনসের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২১৭ রান জমা করেছে মাশরাফির ঢাকা। এটিই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ৪৬ বলে ৮৩ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এনামুল। স্টিভেনস ও সাকিব দুজনের ব্যাট থেকেই এসেছে ৪২ রান। ইনজুরির কারণে দুই ম্যাচ বাইরে কাটানোর পর আজ আবার মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। ২৪ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের অপরিহার্যতাটাও বেশ ভালোমতোই প্রমাণ করেছেন এই তারকা অলরাউন্ডার। ঢাকা গ্ল্যাডিয়েটরস আজ ফিরে পেয়েছে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। অন্যদিকে ইনজুরির কারণে আজ মাঠের বাইরে আছেন রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক আব্দুর রাজ্জাক। তাঁর বদলে অধিনায়কত্ব করছেন নাসির হোসেন।আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি ঢাকা গ্ল্যাডিয়েটরস। প্রথম ৫ ওভারের মধ্যে ৩৮ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও মোহাম্মদ আশরাফুল। তবে প্রাথমিক ধাক্কাটা গায়েই লাগাননি ইনজুরি কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ও এনামুল হক। তৃতীয় উইকেটে ঝড়ো ব্যাটিং করে ৮২ রানের চমত্কার এক জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। মাত্র ৪৪ বলে এই রান সংগ্রহ করে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তাঁরা। ১৩তম ওভারে এই বিধ্বংসী জুটি ভেঙ্গে রংপুর শিবিরে স্বস্তি ফেরান মুরাদ খান। ২৪ বলে ৪২ রান করে ফিরে যান সাকিব। এরপরও ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন এনামুল ও ড্যারেন স্টিভেনস। চতুর্থ উইকেটে মাত্র ৩৭ বলে ৭৭ রানের জুটি গড়েন তাঁরা। অসাধারণ ব্যাটিং করে ৪৬ বলে ৮৩ রান করেন এনামুল। ১৯তম ওভারে ডানজা হাটের শিকারে পরিণত না হলে হয়তো দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে বিপিএলে সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন এই তরুণ ডানহাতি ব্যাটসম্যান।